২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সিরিজ জয়

পঞ্চম ও শেষ খেলায় তামিম ইকবালের ব্যাটিংয়ের সুবাদে জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়ে মাইক্রোম্যাক্স একদিনের সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2010, 03:01 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পঞ্চম ও শেষ খেলায় তামিম ইকবালের ব্যাটিংয়ের সুবাদে জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়ে মাইক্রোম্যাক্স একদিনের সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ১৮৮ রানে থেমে যায় জিম্বাবুয়ের পালা। রান তাড়া করতে নেমে জয়ের লক্ষ্য ১৮৯ রানে পৌঁছে যায় বাংলাদেশ ৪ উইকেটে। তখনো হাতে ছিল ৪২ বল। জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৩ রানের মাথায় উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস (২) ক্রিস এমপোফুর বলে উইকেটের পেছনে তাতেন্দা তাইবুর হাতে ধরা পড়েন। তবে দ্বিতীয় উইকেট জুটিতে অপর উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দিক দলের সঙ্গে ১৩৬ রান যোগ করে জয়ের পথে দলকে অনেকখানি এগিয়ে নেন। ১৩৯ রানের মাথায় সাজঘরে পথ ধরার আগে অল্পের জন্য একদিনের ক্রিকেট জীবনের চতুর্থ শতক থেকে বঞ্চিত হন তামিম। ৯৫ রান করেন ৯৬ বলে। তিনি তার ইনিংসটি সাজান পাঁচটি চার ও সাতটি ছক্কা দিয়ে। দল যখন জয়ের ঠিকানায় পৌঁছে যায় তখন জুনায়েদ ৫৬ রানে অপরাজিত ছিলেন। অন্য প্রান্তে ৬ রানে অপরাজিত ছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এর আগে ১৩৯ রানের মাথায় রকিবুল হাসান (০) ও ১৭২ রানের মাথায় অধিনায়ক সাকিব আল হাসান (১১) সাজঘরে ফিরে যান। একটি উইকেটটি নিয়েছেন কিথ দাবেঙ্গাওয়া, রে প্রাইস, এমপোফু ও গ্রায়েম ক্রিমার। এ জন্য দাবেঙ্গাওয়া দেন ২৩ রান। প্রাইস দেন ২৫, এমপোফু ৪০ ও ক্রিমার ৫৩। সকালে শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়েরও। দলীয় ২১ রানের মধ্যে ৩ উইকেট হারালে বিপদে পড়ে জিম্বাবুয়ে। এ অবস্থায় দলের হাল ধরেন তাতেন্দা তাইবু ও ক্রেগ ইরভিন। চতুর্থ উইকেট জুটিতে দলের সঙ্গে যোগ করেন তারা ৯৫ রান। সেই সঙ্গে কিছুটা হলেও বিপদ থেকে টেনে তোলেন দলকে। ৬ষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ১৬৮ রানের মাথায় সাজঘরে ফেরার আগে তাইবু করেন ৬৪। তার ১০৬ বলের ইনিংসে চার রয়েছে একটি ও ছক্কা একটি। এর আগে ১১৬ রানের মাথায় এরভিন বিদায় নেন। এক শ' বলে ৪৬ রান করেন তিনি। ১৫২ রানের মাথায় ফিরে যান অধিনায়ক এলটন চিগুম্বুরা। মাশরাফি বিন মর্তুজা ২৫ রানে নেন দুই উইকেট। ৫৮ রানে তিন উইকেট নেন সাকিব। সেরা খেলোয়াড় হন তামিম ইকবাল। সিরিজ সেরা হন আব্দুর রাজ্জাক। পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতেছে স্বাগতিক বাংলাদেশ। চতুর্থ ম্যাচটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৭০২ ঘ.