ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত সব খেলায় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ভারত। শুক্রবার পঞ্চম ও শেষ একদিনের খেলায় নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে জেতে তারা।
রান তাড়া করতে নেমে জয়ের লক্ষ্য ১০৪ টপকে ২ উইকেটে ১০৭ রানে পৌঁছে যায় ভারত। তখনও হাতে ছিল ১৭৩ বল।
প্রথমে ব্যাট করে ১০৩ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ৫০ ওভারের খেলা হলেও তারা সব উইকেট হারায় ২৭ ওভারে।
চেন্নাইয়ের এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের মত ভারতও দলীয় শূন্য রানে হারায় উদ্বোধনী ব্যাটসম্যান অধিনায়ক গৌতম গম্ভীরকে। নাথান ম্যাককালামের বলে ব্রেন্ডন ম্যাককালামের হাতে ধরা পড়েন তিনি।
১০ রানের মাথায় সাজঘরের পথ ধরেন বিরাট কোহলি (২)।
এরপর আর কোনো অঘটন ঘটেনি। পার্থিব প্যাটেল ও যুবরাজ সিং দলকে পৌঁছে দেন জয়ের ঠিকানায়। প্যাটেল ৫৬ ও যুবরাজ সিং ৪২ রানে অপরাজিত ছিলেন।
সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। শুরুতেই তাদের চেপে ধরে ভারত। স্কোর বোর্ডে কোনো রান জমা না হতেই সাজঘরে ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গুপটিল। দলীয় ২৮ রানের মধ্যে বিদায় নেন ব্রেন্ডন ম্যাককালাম (১৪) ও রস টেলর (৯)।
এ অবস্থায় দলের হাল ধরেন জেমি হাউ ও স্কট স্টাইরিস। দলের সঙ্গে তারা যোগ করেন ৪৩ রান। ৭১ রানের মাথায় যুবরাজ সিংয়ের বলে বোল্ড হওয়ার আগে হাউ করেন ২৩।
দলের সঙ্গে আর মাত্র ২ রান যোগ হতেই রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন স্টাইরিস। ৪৫ বলে ২৪ রান করেন তিনি।
এরপর আর কোনো ব্যাটসম্যান সুবিধা করতে পারেননি। শেষ ছয় ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে মাত্র ৩২ রান। জেমস ফ্রাঙ্কলিন ১৭ রান অপরাজিত ছিলেন ।
রবিচন্দ্রন অশ্বিন ৩ উইকেট নেন ২৪ রানে। এছাড়া যুবরাজ সিং, আশিষ নেহরা ও ইউসুফ পাঠান ২টি করে উইকেট নেন। এজন্য যুবরাজ দেন ৫ রান। নেহরা ৩৪ ও পাঠান দেন ১১।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮৫৩ ঘ.
bdnews24