ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কাঁধে মারাত্মক কোনো চোট পাননি অস্ট্রেলিয়ার পেস বোলার রায়ান হ্যারিস। তাই অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে দলে থাকছেন তিনি।
অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট খেলার সময় কাঁধে আঘাত পান হ্যারিস। কিন্তু স্ক্যান করে দেখা যায় আঘাত গুরুতর নয়।
তৃতীয় টেস্ট শুরু হবে ১৬ ডিসেম্বর পার্থে। শুক্রবার এই টেস্টের জন্য দল ঘোষণা করার কথা।
শেফিল্ড শিল্ডের খেলায় কুইন্সল্যান্ডের বিপক্ষে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া দলে নেই মিচেল জনসন। বরং পার্থে অস্ট্রেলিয়া দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যায় তাকে। এতে ধারণা করা হচ্ছে দ্বিতীয় টেস্টে বাদ পড়লেও তৃতীয় টেস্টে তার দলে ফেরা অনেকটাই নিশ্চিত। শুক্রবার থেকে শেফিল্ড শিল্ডের খেলাটি শুরু হওয়ার কথা।
ডোগ বোলিঞ্জারের 'ফিটনেস' ও বলের ধার নিয়ে প্রশ্ন উঠেছে। তাই দলে নাও দেখা যেতে পারে তাকে।
পার্থের ওয়াকায় বাতাসের গতিকে কাজে লাগানোর কথা চিন্তা করে দলে রাখা হতে পারে বেন হিলফেনহসকে।
সম্ভাব্য দল: শেন ওয়াটসন, ফিলিপ হিউজেস, রিকি পন্টিং (অধিনায়ক), মাইকেল ক্লার্ক, মাইক হাসি, মার্কাস নর্থ, ব্রাড হ্যাডিন (উইকেটরক্ষক), স্টিভেন স্মিথ, মিচেল জনসন, নাথান হরিটজ, রায়ান হ্যারিস, পিটার সিডল ও বেন হিলফেনহস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/১৮৩৭ ঘ.
bdnews24