ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একদিনের সিরিজের তৃতীয় খেলায় জিম্বাবুয়েকে ৬৫ রানে হারিয়েছে বাংলাদেশ।
এই খেলায় জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এ এগিয়ে গেল অধিনায়ক সাকিব আল হাসানের দল।
ভারতের জয়পুরে ২০০৬ সালে এর চেয়ে বেশি ১০১ রানে জিম্বাবুয়েকে হারিয়েছিল বাংলাদেশ। ফলে এটি দেশটির বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান ব্যবধানে জয়।
প্রথমে ব্যাট করে সাকিব ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের অর্ধ-শতকের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৪৬ রান করে বাংলাদেশ। জয়ের লক্ষ্য ২৪৭ রান তাড়া করতে নেমে প্রসপার উতসেয়ার অর্ধ-শতকের পরও ৪৮ ওভার ১ বলে ১৮১ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শফিউল ইসলাম ও আব্দুর রাজ্জাকের মারাত্মক বোলিংয়ের মুখে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। উইকেট হারাতে থাকে নিয়মিত বিরতিতে।
দলীয় ১৬ রানের মাথায় চামু চিবাবা (৭), ২৪ রানের মাথায় হ্যামিল্টন মাসাকাদজা (৩), ২৯ রানের মাথায় ব্রেন্ডন টেইলর (১৫), ৩৯ রানের মাথায় ক্রেগ ইরভিন (৫), ৪০ রানের মাথায় তাতেন্দা তাইবু (৩) ও ৪৭ রানের মাথায় রেগিস চিবাবা (৫) সাজঘরে ফিরে গেলে জিম্বাবুয়ে এক শ' রানে পৌঁছাতে পারে কি না, তা নিয়ে সংশয় দেখা দেয়।
কিন্তু উতসেয়া ও গ্রায়েম ক্রিমার জুটি বেঁধে দলের সঙ্গে ৪৮ রান যোগ করলে এক শ' রান টপকে যাওয়া নিশ্চিত হয়ে যায় জিম্বাবুয়ের। দলীয় ৯৫ রানের মাথায় সাকিবের বল ক্রিমারের ব্যাটকে ফাঁকি দিয়ে উইকেটরক্ষক মুশফিকে হাতে চলে যায়। ক্রিমারও বেরিয়ে গিয়েছিলেন পপিং ক্রিজ ছেড়ে। জায়গায় ফেরার আগেই তার স্ট্যাম্প ভেঙ্গে দেন মুশফিক। ৪১ বলে ২৪ রান করেন তিনি। চার মেরেছেন চারটি।
শেষ ব্যাটসম্যান হিসেবে শফিউলের বলে ইমরুল কায়েসের হাতে ধরা পড়ার আগে দলের পক্ষে সবচেয়ে বেশি ৬৭ রান করেন উতসেয়া। তিনি তার ১০১ বলের ইনিংসে দড়ির ওপারে বল পাঠান তিনবার। এছাড়া হাওয়ায় ভাসিয়ে আরো তিনবার।
এর আগে ১২০ রানের মাথায় অষ্টম ব্যাটসম্যান হিসেবে শিঙ্গিরাই মাসাকাদজা (১৪) ও ১৫৮ রানের মাথায় রে প্রাইস (১৪) বিদায় নেন।
চারটি করে উইকেট নেন রাজ্জাক ও শফিউল। এ জন্য রাজ্জাকের খরচ হয় মাত্র ১৪ রান। শফিউল দেন ৪৩।
সকালে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। প্রথম ওভারের শেষ বলে উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন ক্রিস এমপফু। হিসেবের খাতাও খুলতে পারেননি তিনি। স্কোর বোর্ডেও তখন কোনো রান জমা হয়নি।
দলীয় ৭১ রানের মধ্যে আরো তিন ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকী (১), রকিবুল হাসান (১২) ও ইমরুল (৩৩ রান) বিদায় নিলে বিপদে পড়ে বাংলাদেশ। উতসেয়ার বলটি ইমরুলের গ্লাভসে লেগে উপরে উঠে যায়। ঠিকানা খুঁজে পায় উইকেটরক্ষক তাইবুর হাতে। তার ৬১ বলের ইনিংসে চার রয়েছে ছয়টি।
এ অবস্থায় দলের হাল ধরেন সাকিব ও মুশফিক। দু'জনে মিলে দলের সঙ্গে ১৩৬ বলে ১১৬ রান যোগ করে দলকে বিপদ থেকে টেনে তোলেন। ১৮৭ রানের মাথায় উতসেয়ার বলে শিঙ্গিরাই মাসাকাদজার হাতে ধরা পড়ার আগে মুশফিক তার একদিনের ক্রিকেট-জীবনের সপ্তম অর্ধ-শতক আদায় করেন। ৬৩ রান করেন ৭৩ বলে। পাঁচটি চার ও একটি ছক্কা মারেন তিনি।
দলের সঙ্গে আর ২১ রান যোগ হতেই বিদায় নেন সাকিব। ৭৩ রান করে উতসেয়ার বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। তখন দলের রান ছিল ২০৮। সাকিব তার ৯১ বলের ইনিংসটি সাজান ৫টি চার দিয়ে। একদিনের ক্রিকেট-জীবনে এটি তার ১৭তম অর্ধ-শতক।
বাংলাদেশের পালা যখন শেষ হয় তখন নাঈম ইসলাম ২৩ ও মাশরাফি বিন মর্তুজা ১১ রানে অপরাজিত ছিলেন।
এর আগে ২২৮ রানের মাথায় অষ্টম ব্যাটসম্যান হিসেবে ৮ রান করে বিদায় নেন সোহরাওয়ার্দী শুভ।
উতসেয়া ৪ উইকেট নেন ৩৮ রানে। এছাড়া রে প্রাইস, এমপফু ও মাসাকাদজা একটি করে উইকেট নেন। এজন্য প্রাইসের খরচ হয় ৪১ রান। এমপফু দেন ৫৫ ও মাসাকাদজা ৩৪।
সেরা খেলোয়াড় হন আব্দুর রাজ্জাক।
খেলাটি ছিল দিন-রাতের। কিন্তু ফ্লাড লাইটে সমস্যা থাকায় খেলা শুরু করা হয় সকাল ৯টায়।
চতুর্থ খেলাটি হবে ১০ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯২১ ঘ.
bdnews24