ঢাকা, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাইক্রোম্যাক্স একদিনের সিরিজের তৃতীয় খেলা সোমবার সকাল ৯টায় শুরু হবে। যদিও খেলা শুরু হওয়ার কথা ছিল দুপুরে। এই খেলাটি দু'দলের কাছে অন্য রকম গুরুত্ব পাচ্ছে। কেননা বাংলাদেশ ও জিম্বাবুয়ে, উভয় দলের সামনে রয়েছে এগিয়ে যাওয়ার হাতছানি।
পাঁচ ম্যাচের এই সিরিজ এখন ১-১ এ সমতায় রয়েছে।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিন-রাতের খেলাটি শুরু হওয়ার কথা ছিল দুপুর ১টায়। ফ্লাড লাইটে সমস্যার কারণে সময় পরিবর্তন করা হয়।
সিরিজ শুরুর আগেই বাংলাদেশকে এগিয়ে রেখেছিল জিম্বাবুয়ে। তবে প্রথম খেলাতেই হোঁচট খায় বাংলাদেশ, ৯ রানে হার মানে জিম্বাবুয়ের কাছে।
তবে দ্বিতীয় খেলাতেই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৬২ বল হাতে রেখে জিম্বাবুয়েকে হারায় ৬ উইকেটের বড় ব্যবধানে।
বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও মাহমুদুল্লাহ রিয়াদ প্রথম খেলায় খেলার সুযোগ পেলেও দ্বিতীয় ম্যাচে বাদ পড়েন তারা। তাদের বদলে দলে নেয়া হয় রকিবুল হাসান ও নাইম ইসলামকে।
দ্বিতীয় খেলার বিজয়ী দল নিয়েই তৃতীয় খেলায় মাঠে নামতে পারে বাংলাদেশ।
মাশরাফি বিন মর্তুজাকেও সমালোচনার মুখে পড়তে হয়েছে। বাংলাদেশের আক্রমণ তাকে দিয়ে শুরু করা হলেও দুই খেলায় মাত্র ৯ ওভার বল করেছেন। রান দিয়েছেন তিনি ৫৩। উইকেট নিতে পারেননি একটিও।
তারপরও অধিনায়ক সাকিব আল হাসানের সমর্থন পাচ্ছেন তিনি। দ্বিতীয় খেলা শেষে সাকিব বলেন, চোট সেরে সুস্থ হয়ে মাঠে নেমেই ভালো করা সম্ভব নয়। কিছুটা সময় পেলেই তিনি আবার ছন্দে ফিরতে পারবেন।
এমনটা মনে করেন মাশরাফিও। বলেন, "একের পর এক চোটের পর গত ১৭ মাস আমি কঠোর পরিশ্রম করেছি। আমার আগের সেই ছন্দ ফিরে পেতে আরো একটু সময় লাগবে। আর খেলার মধ্যে থাকলেই কেবল তা সম্ভব। ছন্দ ফিরে পাওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।"
বাংলাদেশের কোচ জেমি সিডন্স ও বোলিং কোচ ইয়ান পন্টও মাশরাফির ব্যাপারে আশাবাদী।
সিরিজের চতুর্থ ও পঞ্চম খেলা দু'টি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯১৫ ঘ.
bdnews24