ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একদিনের দ্বিতীয় খেলাতেই ছন্দ ফিরে পাওয়ায় খুশি বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেন, ভালো খেলেই তার দল জিতেছে।
জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারানোর পর সাকিব সাংবাদিকদের বলেন, "আমরা ভালো ক্রিকেট খেলেছি। প্রথম খেলায় ব্যাটিংয়ের সময় আমরা ছিলাম অনেক বেশি সতর্ক।" আর এবার সবাই স্বাভাবিক ক্রিকেট খেলেছে বলে তিনি মনে করেন।
এই খেলায় ভালো ব্যাট করেছে বাংলাদেশ। এর কারণ জানতে চাইলে বাংলাদেশ অধিনায়ক বলেন, "প্রথম খেলার পর সবাই বুঝতে পেরেছে নিজের কাজ ঠিক মতো করতে হবে। খেলতে হবে নিজের সেরা খেলা।"
দুই দলের শক্তির পার্থক্য সম্পর্কে সাকিব বলেন, "আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি বলে সহজেই জয় পেয়েছি। তারপরও বলছি, ওদের হারানো খুব সহজ নয়। এছাড়া আমাদের স্পিনাররা খুব ভালো বল করেছে। আর বাজে ব্যাট করেছে জিম্বাবুয়ে।"
সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের জায়গায় শুক্রবার খেলেছেন রকিবুল হাসান। তার সম্পর্কে বাংলাদেশ অধিনায়ক বলেন, "রকিবুল খুবই ভালো ব্যাট করেছেন। খেলেছেন পরিকল্পনা অনুযায়ী। আমি আগেও বলেছি যে রকিবুল খুবই যোগ্য ব্যাটসম্যান।"
তবে উইকেট না পেলেও অধিনায়কের সমর্থন পাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। তার সম্পর্কে সাকিব বলেন, "চোট থেকে সেরে উঠে তার (মাশরাফি) মাঠে ফেরার কয়েকদিন হলো মাত্র। আর ফিরেই ভালো করা সম্ভব নয়। আমার মনে হয় কয়েকটা ম্যাচ খেললেই মাশরাফি তার ছন্দ ফিরে পাবেন।"
আগের খেলায় হারার পর সাকিব বলেছিলেন দল নিয়ে তিনি সন্তুষ্ট নন। কিন্তু এবার বললেন, "আমরা সব সময় সেরা একাদশ নিয়েই মাঠে নামি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এনআই/২০০২ ঘ.
bdnews24