ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথমদিন শুক্রবার অস্ট্রেলিয়া প্রথম পালায় ২৪৫ রান করেছে। জবাবে ইংল্যান্ড এক ওভার ব্যাট করে বিনা উইকেটে করেছে ১। রানটি এসেছে অতিরিক্ত থেকে।
ইংল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ও অ্যালিস্টার কুক, দু'জনের কেউ হিসেবের খাতা খোলেননি।
অ্যাডিলেড ওভালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। কিন্তু ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে তারা। স্কোর বোর্ডে ২ রান জমা হতেই নেই তিন উইকেট। খেলার চতুর্থ বলে রান-আউট হয়ে যান উদ্বোধনী ব্যাটসম্যান সাইমন ক্যাটিচ (০)। কোনো বল খেলার সুযোগই পাননি তিনি।
জেমস অ্যান্ডারসনের পরের বলেই গ্রায়েম সোয়ানের হাতে ধরা পড়েন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং (০)।
অ্যান্ডারসনের দ্বিতীয় ওভারের প্রথম বলেই বিদায় নেন সহ-অধিনায়ক মাইকেল ক্লার্ক (২)। ধরা পড়েন তিনি সেই সোয়ানের হাতে।
এ অবস্থায় দলের হাল ধরেন অন্য উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন ও মাইক হাসি। দু'জনে মিলে দলের সঙ্গে যোগ করেন ৯৪ রান।
দলীয় ৯৬ রানের মাথায় আবারো আঘাত হানেন অ্যান্ডারসন। কেভিন পিটারসেনের হাতে ধরা পড়ে বিদায় নেন ওয়াটসন। যদিও এর আগেই অর্ধ-শতক আদায় করে নেন তিনি। ৫১ রান করেন ৯৪ বলে। তিনি চার মেরেছেন ৭টি। ছক্কা একটি।
তবে লড়াই চালিয়ে যেতে থাকেন হাসি। মাত্র ৭ রানের জন্য শতক-বঞ্চিত হন তিনি। ২০৭ রানের মাথায় ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে করেন ৯৩। তার ১৮৩ বলের ইনিংসে চার রয়েছে ৮টি।
হাসির বিদায়ের সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় ব্যাটসম্যানদের যাওয়া-আসার পালা। ওই ২০৭ রানের মাথায় বিদায় নেন রায়ান হ্যারিস (০), ২২৬ রানের মাথায় জাভিয়ের ডোহার্টি (৬), ২৪৩ রানের মাথায় পিটার সিডল (৩) ও ২৪৫ রানের মাথায় শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরে যান উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্রাড হ্যাডিন। তবে এর আগেই তিনি তার অর্ধ-শতক আদায় করে নেন। তার ৫৬ রানের ইনিংসে চার রয়েছে তিনটি ও ছক্কা একটি।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে অ্যান্ডারসন ৪ উইকেট নেন ৫১ রানে। ৭০ রানে ২ উইকেট নেন সোয়ান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/টিআর/১৯৩২ ঘ.
bdnews24