২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের প্রথমদিনে বৃষ্টির দাপট

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টেস্টের প্রথমদিন বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটে ১৩৪ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির বাগড়া ও পর্যাপ্ত আলোর অভাবে খেলা হয়েছে মাত্র ৪০ ওভার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2010, 05:26 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টেস্টের প্রথমদিন বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটে ১৩৪ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির বাগড়া ও পর্যাপ্ত আলোর অভাবে খেলা হয়েছে মাত্র ৪০ ওভার। ডারেন ব্রাভো উইকেটে আছেন ৬৩ রান নিয়ে। অন্য প্রান্তে ১১ রানে অপরাজিত রয়েছেন শিবনারায়ন চন্দরপল। ব্রাভো তার ১১১ বলের ইনিংসটি সাজান ৯টি চার দিয়ে। পালেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। প্রথম বলেই সফলতার মুখ দেখেন সুরাঙ্গা লাকমল। তার বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল। ফলে হিসেবের খাতা খোলার সুযোগই পাননি তিনি। প্রথম টেস্টে ত্রি-শতক হাঁকিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই সাবেক অধিনায়ক। এরপর বৃষ্টি ও পর্যাপ্ত আলোর অভাবে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত স্মিথ ও ব্রাভো, দু'জনে মিলে করেন ৬৯ রান। চা-বিরতি শেষে খেলা শুরু হওয়ার পর তারা যোগ করেন আরো ৪৬। দলীয় ১১৫ রানের মাথায় অজন্তা মেন্ডিসের বলে এলবিডব্লিউয়ের শিকার হওয়ার আগে স্মিথ করেন ৫৫। তার এক শ' বলের ইনিংসে চার রয়েছে সাতটি। পানি-পানের বিরতি শেষে তিন ওভার খেলার পর আলোর অভাবে আবারো খেলা বন্ধ হওয়ার আগে ব্রাভো ও চন্দরপল দলের সঙ্গে যোগ করেন ১৯ রান। আলোর উন্নতি না হওয়ায় কিছুক্ষণ পর দিনের খেলার ইতি টানেন দুই আম্পায়ার। লাকমল ১ উইকেট নেন ২০ রানে। অন্য উইকেটটি নেন মেন্ডিস। এজন্য তিনি রান দেন ৩১। এর আগে মাঠ ভেজা থাকায় সকালে খেলা শুরু হতে দেরি হয়। মধ্যাহ্ন-বিরতির আগে খেলা হয় মাত্র ১৫ ওভার। বিরতির পর ৮ ওভার ৩ বল খেলা হওয়ার পর ফের বৃষ্টি নামে। ফলে আবারো খেলা বন্ধ হয়ে যায়। সিরিজের প্রথম দু'টি খেলা অমীমাংসিতভাবে শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৬২৮ ঘ.