২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গম্ভিরের শতকে ভারতের জয়

অধিনায়ক গৌতম গম্ভিরের অপরাজিত শতকের ওপর ভর করে দ্বিতীয় একদিনের খেলায় ভারত ৮ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2010, 05:18 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অধিনায়ক গৌতম গম্ভিরের অপরাজিত শতকের ওপর ভর করে দ্বিতীয় একদিনের খেলায় ভারত ৮ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে। নির্ধারিত ৫০ ওভারে উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গুপটিল ও মিডল-অর্ডার ব্যাটসম্যান স্কট স্টাইরিসের অর্ধ-শতকের সুবাদে ৮ উইকেটে ২৫৮ রান করে কিউইরা। রান তাড়া করতে নেমে ২ উইকেটে জয়ের লক্ষ্য ২৫৯ রানে পৌঁছে যায় ভারত। তখনো হাতে ছিল ৪২ বল। জয়পুরে বুধবার ভারতের জয়ের ভিত্তি রচনা করে দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয় ও গম্ভির। দলীয় ৮৭ রানের মাথায় নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির বলে বোল্ড হওয়ার আগে বিজয় করেন ৩৩। তার ৫৮ বলের ইনিংসে চার রয়েছে দু'টি। দ্বিতীয় উইকেট জুটিতে গম্ভির ও বিরাট কোহলি দলের সঙ্গে ১১৬ রান যোগ করলে ভারতের জয় নিশ্চিত হয়ে যায়। ২০৩ রানের মাথায় ৬৪ রান করে অ্যান্ডি ম্যাককাইয়ের বলে রস টেলরের হাতে ধরা পড়েন কোহলি। এরপর আর কোনো অঘটন ঘটেনি। গম্ভির ও যুবরাজ সিং দলকে পৌঁছে দেন জয়ের ঠিকানায়। অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করে গম্ভির ১১৬ বলে করেন ১৩৮। তার হার না মানা ইনিংসে রয়েছে ১৮টি চার। গম্ভির তার একদিনের ক্রিকেট-জীবনে অষ্টম শতকে পৌঁছান ৮৯ বলে, ১৩টি চারের সাহায্যে। আর যুবরাজ সিং ছিলেন ১৬ রানে অপরাজিত। তার ১১ বলের ইনিংসে রয়েছে একটি চার ও একটি ছক্কা। সকালে টস জিতে ভারত ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ডকে। কিন্তু শুরুটা মোটেও ভালো হয়নি তাদের। দলীয় ১৪ রানের মাথায় অন্য উদ্বোধনী ব্যাটসম্যান জেমি হাউ (৫) শ্রীশান্তের বলে উইকেটের পেছনে ধরা পড়লে বিপদে পড়ে নিউজিল্যান্ড। দ্বিতীয় উইকেট জুটিতে গুপটিল ও ক্যান উইলিয়ামসন ৫০ রান যোগ করে কিছুটা হলেও দলকে টেনে তোলেন বিপদ থেকে। দলীয় ৬৪ রানের মাথায় মুনাফ প্যাটেলের বলে বোল্ড হওয়ার আগে উইলিয়ামসন করেন ২৯। তার ৪৬ বলের ইনিংসে চার রয়েছে চারটি। কিন্তু সুবিধা করতে পারেননি রস টেলর। ৯৬ রানের মাথায় ১৫ রান করে সাজঘরে ফিরে যান তিনি। এরপর গুপটিল ও স্টাইরিস দলের সঙ্গে ৬৫ রান যোগ করলে নিউজিল্যান্ডের অবস্থার কিছুটা উন্নতি হয়। ১৬১ রানের মাথায় ৭০ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে গুপটিল উইকেটের পেছনে ধরা পড়েন। পঞ্চম উইকেট জুটিতে স্টাইরিস ও ভেট্টোরি ৫৮ রান তুললে লড়াই করার মতো পূঁজি গড়ে তোলার পথে হাঁটতে থাকে নিউজিল্যান্ড। ২১৯ রানের মাথায় স্টাইরিসও ধরা পড়েন উইকেটের পেছনে। তবে এবার বোলার ছিলেন শ্রীশান্ত। স্টাইরিস ৫৯ রান করেন ৫৬ বলে। তিনি চার মেরেছেন পাঁচটি ও ছক্কা একটি। এছাড়া ভেট্টোরি ৩২ বলে চারটি চারের সাহায্যে করেন ৩১। তিনি সাজঘরে ফিরে যান ২১৯ রানের মাথায়। শেষ পর্যন্ত গ্যারেথ হপকিন্স ১১ ও টিম সাউদি ১৩ রানে অপরাজিত থাকেন। ভারতের বোলারদের মধ্যে ৪৭ রানে ৪টি উইকেট নেন শ্রীশান্ত। এছাড়া একটি করে উইকেট নেন ইউসুফ পাঠান, প্যাটেল ও অশ্বিন। এজন্য ইউসুফের খরচ হয় ২৩ রান। মুনাফ দেন ৩৪ রান। আর অশ্বিন দেন ৫২। এই খেলায় জিতে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ভারত ২-০ ব্যবধানে এগিয়ে গেল। তৃতীয় খেলাটি হবে ৪ ডিসেম্বর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২০০৮ ঘ.