ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ের কাছে হারার জন্য হারার জন্য ব্যাটসম্যানদের দায়ী করলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
খেলা শেষে বুধবার তিনি বলেন, "ওরা ভালো বোলিং করেছে। আমাদের আরো ভালো ব্যাট করা উচিত ছিল।" ফিল্ডিংয়ে তার দল ভালো করেনি বলে সাকিব মনে করেন।
আগের একদিনের সিরিজে নিউজিল্যান্ডকে ৪-০ খেলায় হারানোর পর প্রত্যাশার চাপ ছিল বাংলাদেশের ওপর। এই চাপ কি সামাল দিয়ে উঠতে পারেনি বাংলাদেশ? এই প্রশ্নের জবাবে সাকিব বলেন, "এখানে চাপের কিছু নেই। আসলে আমরা খুব খারাপ ক্রিকেট খেলেছি। বিশেষ করে ব্যাটিংটা হয়েছে একেবারে সাধারণ মানের।"
ব্যাটসম্যানদের সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, মোহাম্মদ আশরাফুল ও মুশফিকুর রহিম বাজে শট খেলে আউট হয়েছেন।
চার ব্যাটসম্যানের রান-আউট প্রসঙ্গে সাকিব বলেন, "আশরাফুল ও জুনায়েদের ব্যাপারে আমি সঠিক কিছু বলতে পারবো না। তবে আমার ব্যাটিংয়ের সময় যে দু'টো রান-আউট হয়েছে, সে সম্পর্কে বলতে পারি। (সোহরাওয়ার্দী) শুভ মেরেই দৌড় দিয়েছে। না বলেও কাজ হয়নি। আর মাশরাফি মাঝে না থেমে একবারে দৌড় দিলে রানটা মনে হয় হয়েই যেত।"
নিউজিল্যান্ড সিরিজে বিজয়ী অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলনে আসতেন বাংলাদেশের অধিনায়ক। কিন্তু বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে আসলেন হার মেনে। অনুভূতিটা কি রকম? এই প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে যান তিনি। তবে বলেন, "বাজে ক্রিকেট খেললে জেতা যায় না এটাই স্বাভাবিক।"
৬৩ রান করে সাকিবের সাজঘরের পথ ধরার সঙ্গে সঙ্গে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের হার। ব্যক্তিগত এই ভুল নিয়ে সাকিব বলেন, "এটা ঠিক যে আমি ম্যাচটা জেতাতে পারিনি। এই একটা জায়গায় আমার ভুল হয়েছে। এছাড়া আর কোনো ভুল আমার হয়নি। তাই আমার খুব একটা খারাপ লাগেনি।"
সাকিব মনে করেন, এ ধরনের ক্রিকেট খেললে পরের খেলায় হারতে পারে বাংলাদেশ। তার কথা, "আমরা যদি এভাবে ক্রিকেট খেলতে থাকি, তাহলে আমাদের পরের খেলায় হারতে হতে পারে।"
সেই সঙ্গে তিনি বলেন, "ব্যাটসম্যানরা ভালো করলে অবশ্যই সিরিজ জেতা সম্ভব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/টিআর/২০৪৫ ঘ.
bdnews24