ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম একদিনের খেলায় ৪০ রানে জিতেছে ভারত।
জয়ের জন্য ২৭৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৫.২ ওভারে ২৩৬ রান তুলেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।
এর আগে রোববার গোহাটির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ভারত ৪৯ ওভারে সব উইকেট হারিয়ে করে ২৭৬ রান।
বিরাট কোহলি করেন ১০৫। এটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তার চতুর্থ শতক। যুবরাজ সিংয়ের ব্যাট থেকে আসে ৪২। অধিনায়ক গৌতম গম্ভীর করেন ৩৮।
নিউজিল্যান্ডের পক্ষে ৬২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন অ্যান্ডি ম্যাককে। কাইলি মিলস নেন ৩ উইকেট। তিনি রান দেন ৪২।
জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় নিউজিল্যান্ড। এর মধ্যে রস টেলর করেন ৬৬ রান।
তবে শেষদিকে নাথান ম্যাককালাম এবং কাইলি মিলস উত্তেজনা ফিরিয়ে আনেন খেলায়। নবম উইকেট জুটিতে যোগ করেন ৬৭ রান। মনে হচ্ছিল জিতেও যেতে পারে নিউজিল্যান্ড।
কিন্তু বাধা হয়ে দাঁড়ান শ্রীশান্থ। তিনি ফিরিয়ে দেন এই দুই ব্যাটসম্যানকে। আউট হওয়ার আগে ম্যাককালাম ৩৫ ও মিলস করেন ৩২ রান।
তিনটি করে উইকেট নিয়েছেন, শ্রীশান্থ, যুবরাজ সিং এবং রবিচন্দ্রন অশ্বিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/১৬৩৫ ঘ.
bdnews24