২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্রাউস ও কুকের শতকে জবাব দিল ইংল্যান্ড

ব্রিসবেন টেস্টে টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ইংল্যান্ড যে ভুল করেছিল, দ্বিতীয় ইনিংসে সেই ভুল আর করেনি সফরকারীরা। তাতে পথ দেখালেন স্বয়ং অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস এবং অ্যালিস্টার কুক। দু'জনের দু'টি শতকে রোববার টেস্টের চতুর্থ দিনশেষে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৩০৯ রান তুলে সাজঘরে ফিরেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 09:41 AM

Updated : 25 Aug 2022, 07:42 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রিসবেন টেস্টে টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ইংল্যান্ড যে ভুল করেছিল, দ্বিতীয় ইনিংসে সেই ভুল আর করেনি সফরকারীরা। তাতে পথ দেখালেন স্বয়ং অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস এবং অ্যালিস্টার কুক। দু'জনের দু'টি শতকে রোববার টেস্টের চতুর্থ দিনশেষে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৩০৯ রান তুলে সাজঘরে ফিরেছে। স্ট্রাউস ১১০ রান করে আউট হলেও কুক ১৩২ রান করে অপরাজিত রয়েছেন। তার সঙ্গে ৫৪ রানে রয়েছেন জোনাথন ট্রট। আপাতত ইংল্যান্ড এগিয়ে ৮৮ রানে। বড় ধরনের কোনো চমক তৈরি না হলে ব্রিসবেনে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড প্রথম টেস্ট ড্রয়ের পথেই এগোচ্ছে। আলোর অভাবে চতুর্থ দিনের খেলা একটু আগেই শেষ হয়ে যায়। প্রথম ইনিংসে ২৬০ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। জবাবে হাসি এবং হাডিনের সেঞ্চুরিতে ৪৮১ রান করেছিল অস্ট্রেলিয়া। ২২১ রানে পিছিয়ে থেকে ইংল্যান্ড তৃতীয় দিন বিনা উইকেটে করেছিল ১৯ রান। রোববার সারাদিনে তারা আরো ২৯০ রান যোগ করে । হারায় মাত্র এক উইকেট। উদ্বোধনী জুটিতেই স্ট্রাউস এবং কুক ১৮৮ রান তুলে দলকে বিপদ থেকে বের করে নিয়ে আসেন। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক স্ট্রাউস। তার জবাব দেন দ্বিতীয় ইনিংসে। তুলে নেন ক্যারিয়ারের ১৯তম টেস্ট শতক। অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ। এছাড়া অস্ট্রেলিয়ার মাঠে স্ট্রাউসের এটাই প্রথম টেস্ট শতক। তার ইনিংসে চার ছিল ১৫টি। অনিয়মিত অফ-স্পিনার মার্কাস নর্থের বল হাঁকাতে গিয়ে স্ট্রাউস উইকেটরক্ষক ব্রাড হাডিনের হাতে স্টাম্পড হন। কিন্তু তাতে ইংল্যান্ড বিন্দুমাত্র চাপে পড়েনি। কারণ প্রথম ইনিংসে আরেক ব্যর্থ ব্যাটসম্যান ট্রটও নিজেকে প্রমাণের জন্য বেছে নেন দ্বিতীয় ইনিংস। কুকের সঙ্গে তিনি গড়েন ১২১ রানের অবিচ্ছিন্ন আরো একটি বড় রানের জুটি। ওই জুটি গড়ার পথেই কুক তার টেস্ট ক্যারিয়ারের ১৪ তম সেঞ্চুরি তুলে নেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয়। অর্ধশতক করে অপরাজিত থাকেন ট্রটও। অজি পেস বোলারদের পারফরম্যান্স এদিন ছিল হতাশাজনক। কোনো প্রভাবই তারা ফেলতে পারেননি স্ট্রাউস, কুক কিংবা ট্রটের ওপরে। প্রথম ইনিংসে হ্যাটট্রিকসহ ৬ উইকেট নেয়া পেসার পিটার সিডল ১৯ ওভারে ৬৭ রান দিয়ে এখনো পর্যন্ত কোনো উইকেট পাননি। তবে সবচেয়ে হতাশ করেছেন বাঁ-হাতি পেসার মিচেল জনসন। প্রথম ইনিংসে কোনো উইকেট না পাওয়া জনসন দ্বিতীয় ইনিংসেও এখনও পর্যন্ত কোনো উইকেট পাননি। গত জানুয়ারি থেকে আট টেস্টে জনসন মাত্র ২৪ উইকেট পেয়েছেন। গড় ৪১। তাতে ঘরের মাঠে দুই টেস্টে মাত্র একটি উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৫৪০ ঘ.