২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েকে পিছিয়ে রাখছেন না সাকিব

পাঁচ ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজে সাকিব আল হাসানকে নিয়েই ভয় জিম্বাবুয়ের। তবে বাংলাদেশের এই তারকা ক্রিকেটার বলেন, "এসব নিয়ে ভাবছি না। আমি যে কাজ সবসময় করে থাকি, এখনও তাই করার চেষ্টা করবো। মাঠের কাজটাই বড় কাজ।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2010, 03:02 PM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাঁচ ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজে সাকিব আল হাসানকে নিয়েই ভয় জিম্বাবুয়ের। তবে বাংলাদেশের এই তারকা ক্রিকেটার বলেন, "এসব নিয়ে ভাবছি না। আমি যে কাজ সবসময় করে থাকি, এখনও তাই করার চেষ্টা করবো। মাঠের কাজটাই বড় কাজ।" আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের একদিনের সিরিজের লড়াই। কথার চেয়ে আসলে কাজেই নিজের প্রমাণ দিয়ে অভ্যস্ত সাকিব এই সিরিজেও ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখতে চান। বলেন, "আসলে এই সিরিজ নিয়ে আলাদা করে কিছু ভাবিনি। লক্ষ্য একটাই নিজের খেলার উন্নতি করা।" নিউজিল্যান্ডের বিপক্ষে ৪-০ তে সিরিজ জিতলেও বাংলাদেশের ব্যাটিং নিয়ে সমস্যা ছিল। এবার দল এ ব্যাপারটি নিয়ে কি ভাবছে? "হ্যাঁ, যতোটা ভালো হওয়ার কথা ছিল ততোটা হয়নি। এ সিরিজে আশা করি যারা ভালো ব্যাটিং করেছে তারা সেটা ধরে রাখবে। আর যারা ভালো খেলেনি তারা রানে ফিরবে" - বলছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে দলকে নেতৃত্ব দেয়া সাকিব। আগের সিরিজ সহজে জিতলেও জিম্বাবুয়ের বিপক্ষে খেলার আগে বেশ সতর্ক সাকিব। তিনি বলেন, "ওরা দক্ষিণ আফ্রিকায় গিয়ে খেলেছে। বিশেষ করে তাদের ব্যাটিংটা বেশ ভালো ছিল। আমাদের বোলারদের খুবই সচেতন থাকা জরুরী। আমার মনে হয় না, ওরা কোনো অংশে আমাদের চাইতে কম।" এনিয়ে সাকিব আরো বলেন, "ওরা দল হিসেবে সবাই গত পাঁচ ছয় বছর একসঙ্গে খেলছে। ২০০৫ সালে জিম্বাবুয়ের যে দলটি এসেছে তারা সবাই এখনও একসঙ্গে রয়েছে। এরই মধ্যে তাদের বেশ কয়েকবার বাংলাদেশে আসা-যাওয়ার অভিজ্ঞতা আছে।" নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো খেলার পর এখন প্রত্যাশা বেড়ে গেছে। অনেকেই মনে করছেন টাইগাররা জিম্বাবুয়েকে সহজে হারাবে। এ প্রসঙ্গে সাকিব বলেন, "আসলে আমাদের মূল কাজটাই হলো নিজেদের স্বাভাবিক খেলাটা খেলে যাওয়া। আমরা যদি মূল কাজটা করতে পারি, যেটা কোচও চাইছেন, তাহলে ফল অবশ্যই আসবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/২০৫৫ ঘ.