ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একটি একদিনের সিরিজ খেলার জন্য শুক্রবার ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।
বাংলাদেশ সফরের জন্য বৃহস্পতিবার ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে জিম্বাবুয়ে।
এই প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে বাংলাদেশ আসছে অলরাউন্ডার এল্টন চিগুম্বুরা। প্রসপার উতসেয়ার পর তিনিই এখন জিম্বাবুয়ের অধিনায়ক।
দলে সুযোগ পেয়েছেন তরুণ অলরাউন্ডার রায়ান বাটারওয়ার্থ। তবে দলে নেই বর্ষীয়ান গ্রান্ট ফ্লাওয়ার। চোটের জন্য আসবেন না শন উইলিয়ামসও।
দু'দল পাঁচটি একদিনের ম্যাচ খেলবে। প্রথম ম্যাচ ১ ডিসেম্বর, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
প্রথম তিনটি একদিনের ম্যাচ হবে মিরপুরেই। শেষ দু'টি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
একদিনের সিরিজ শুরুর আগে ২৯ নভেম্বর বিকেএসপি'তে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।
জিম্বাবুয়ে দল: এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), টাটেন্ডা টাইবু, ব্রেন্ডন টেলর, হ্যামিল্টন মাসাকাদজা, শিঙ্গি মাসাকাদজা, রেজিস চাকাবভা, চামু শিবাবা, রেমন্ড প্রাইস, রায়ান বাটারওয়ার্থ, ক্রেগ আরভিন, প্রসপার উতসেয়া, গ্রায়েম ক্রেমার, কিথ দেবাংয়ো, ক্রিস মপফু ও কিগান মেথ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/১৮১৫ ঘ.
bdnews24