ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গুয়াংজু এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান।
বৃৃহস্পতিবার সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে জিতে বাংলাদেশ। দিনের আরেক সেমিতে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে ২২ রানে জিতেছে আফগানিস্তান।
শুক্রবার সোনার পদকের লড়াইয়ে বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের।
বৃহস্পতিবার গুয়াংগং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে করে ১০১ রান।
বাংলাদেশের স্পিনার সোহরাওয়ার্দি শুভ ৬ রান দিয়ে নেন ৪ উইকেট। ২৯ রান খরচায় ৩ উইকেট নেন শাহাদত হোসেন রাজীব। একটি করে উইকেট নেন নাইম ইসলাম এবং নাজমুল হোসেন।
রান তাড়া করতে নেমে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ১৫.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায়।
বাংলাদেশের হয়ে নাইম ৩৪ বলে করেন ২৫ রান। অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের ব্যাট থেকে আসে ১৫ বলে ১৮। নাজিমউদ্দিন করেন ১৬।
দলীয় সর্বোচ্চ ৩৩ রান আসে ফয়সাল হোসেনের ব্যাট থেকে।
বৃহস্পতিবার এশিয়াড ক্রিকেটের আরেক সেমিফাইনালে চমক দেখিয়েছে আফগানিস্তান। খেলায় প্রথমে ব্যাট করতে নেমে দলটি ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে করে ১২৫ রান।
সাবির নুরী করেন ৩০ বলে ৩৫। ১৯ রান আসে কারিম সাদিকের ব্যাট থেকে। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন রাজা হাসান, মোহাম্মদ ইরশাদ এবং লাল কুমার।
রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান করে পাকিস্তান। খালিদ লতিফের ব্যাট থেকে আসে ৩২ বলে ২৬।
আফগানিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন করিম সাদিক এবং হামিদ হাসান।
এখন আফগানদের হারাতে পারলে ইতিহাস গড়বে বাংলাদেশ। এর আগে এশিয়ান গেমসে কখনোই সোনার পদক জিততে পারেনি তারা।
বৃহস্পতিবার সেমিফাইনাল শেষে আশরাফুল সাংবাদিকদের বলেন, ''ভালো খেলার এই ধারাবাহিকতা ফাইনালেও ধরে রাখতে চাই। আফগানিস্তানকে হারানো সহজ হবে না। জিততে হলে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/১৪৩২ ঘ.
bdnews24