ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জন্মদিনে শুধু নিজেকেই নয়, অস্ট্রেলিয়াকেও আনন্দে ভাসালেন পিটার সিডল। বৃহস্পতিবার ব্রিসবেনে অ্যাশেজ শুরুর দিনেই হ্যাট্রিক করলেন এই ফাস্ট বোলার।
ইংল্যান্ডের বিপক্ষে ৫৪ রান খরচায় নেন ৬ উইকেট।
এজন্য অবশ্য স্ট্রাউসকে ধন্যবাদ দিতে পারেন তিনি। টস জিতে ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রৃ স্ট্রাউস ব্যাট করার সিদ্ধান্ত নেয়ায় সেই সুযোগটা মিললো!
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের মরওয়েলে ১৯৮৪ সালের ২৫ নভেম্বর জন্ম পিটার ম্যাথু সিডলের।
২০০৮ সালে মোহালিতে ভারতের বিপক্ষে অভিষেক হওয়ার পর ছাব্বিশ বছর বয়সী সিডল ১৭ টি টেস্ট খেলে উইকেট নিয়েছেন ৬০টি।
গত অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দিনেই ২১ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।
৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার সিডল ইংল্যান্ডর জন্য কতটা ভয়াবহ তা এমন নৈপুণ্যই বলে দেয়।
টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার পক্ষে এটি দশম হলেও অ্যাশেজে এটি পঞ্চম হ্যাট্রিক।
জন্মদিন পালনের ভালো একটা উপলক্ষ মিললো 'ডার্মি'র। সতীর্থ, বন্ধু আর পরিবারের মানুষদের কাছে এই নামেই পরিচিত তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এটি/১৩৩৪ ঘ.
bdnews24