ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গুয়াংজু এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটে বৃহস্পতিবার সেমিফাইনালে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। অন্য সেমিফাইনালে পাকিস্তান লড়বে আফগানিস্তানের সঙ্গে।
সেমিফাইনাল সম্পর্কে বাংলাদেশের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেন, ''শ্রীলঙ্কা কঠিন প্রতিপক্ষ। তবে আমরা সোনার পদক জিততেই এসেছি।''
কোয়ার্টার ফাইনালে নেপালকে ২ উইকেটে হারিয়ে সেমিফাইনালে ওঠে শ্রীলঙ্কা। বাংলাদেশ সেমিফাইনালে ওঠে মালয়েশিয়াকে ৭০ রানে হারিয়ে।
গুয়াংগং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারের খেলায় বুধবার প্রথমে ব্যাট করে নেপাল ৭২ রান করে। দলের পক্ষে সবচেয়ে বেশি ৩০ রান করেন জ্ঞ্যানেন্দ্র মালা। এছাড়া অধিনায়ক পারাস খাদকা করেন ১৮।
শ্রীলঙ্কার বোলারদের মধ্যে জেহান মুবারক ৩ উইকেট নেন ৬ রানে। ১৯ রান দিয়ে দুই উইকেট নেন দিলহারা লকুহেট্টিগে।
রান তাড়া করতে নেমে জয়ের লক্ষ্য ৭৩-এ পৌঁছে যায় শ্রীলঙ্কা ৮ উইকেটে। তখনো হাতে ছিল ৭ বল।
দলের পক্ষে সবচেয়ে বেশি ২০ রান করেন জীবন্ত কুলাতুঙ্গা। এছাড়া দিলহারা করেন ১০। এস বিরাকুন অপরাজিত ছিলেন ১৩ রানে।
নেপালের বোলারদের মধ্যে দু'টি করে উইকেট নেন খাদকা, বসন্ত রেগমি ও অমৃত ভট্টরাই। এ জন্য খাদকার খরচ হয় ৭ রান। রেগমি দেন ১৩ ও ভট্টরাই ১০।
পাকিস্তান কোয়ার্টার ফাইনালে সহজেই স্বাগতিক চীনকে ১২৮ রানে হারিয়ে সেমিফাইনালে ওঠে।
এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে বাংলাদেশ রুপা জিতেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এসএনএল/২০৫০ ঘ.
bdnews24