ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৃতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডকে ইনিংস ও ১৯৮ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ভারত।
নাগপুর টেস্টের তৃতীয় দিনেই জয়ের পথ পাকা করে রেখেছিল ভারত। মঙ্গলবার চতুর্থদিন সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা।
টেস্ট ক্রিকেট ইতিহাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের এটাই সবচেয়ে বড় জয়। দ্বিতীয় পালায় নিউজিল্যান্ড ১৭৫ রানেই গুটিয়ে যায়। প্রথম পালায় তারা করে ১৯৩।
ভারত প্রথম পালায় ৮ উইকেটে ৫৬৬ রান করে দান ছেড়ে দেয়।
ভারতের এই জয়ের পথ তৈরি করে দেন দুই স্পিনার হরভজন সিং ও বাঁহাতি প্রজ্ঞান ওঝা। তাদের যথার্থ সঙ্গ দেন অনিয়মিত অফ-স্পিনার সুরেশ রায়না। তিনজনে মিলে সাত উইকেট ভাগাভাগি করে নেন।
ফাস্ট বোলার ইশান্ত শর্মা ১৫ রানে তিন উইকেট নিয়ে নিউজিল্যান্ডের লেজ মুড়িয়ে দেন ।
হরভজনও নেন তিন উইকেট। রান দেন ৫৬। এছাড়া দু'টি করে উইকেট নেন ওঝা ও রায়না। এজন্য রায়নার খরচ হয় মাত্র ১ রান। ওঝা দেন ৬৭ রান।
সিরিজে টানা দু'টি শতক ও বল হাতে সফল হওয়ায় হরভজন পান সিরিজ সেরার পুরস্কার।
ম্যাচ সেরা হন রাহুল দ্রাবিড়।
আগেরদিনের ১ উইকেটে ২৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। কিন্তু মধ্যাহ্ন-বিরতির সময়ই খেলার ফলাফল জানা হয়ে যায়। কারণ নিউজিল্যান্ড মধ্যাহ্ন-বিরতিতে যায় ৮ উইকেটে ১৪০ রান নিয়ে।
বিরতি শেষে ইশান্ত শর্মার টানা দুই বলে বোল্ড হন টিম সাউদি ও ক্রিস মার্টিন।
দিনের খেলার শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে নিউজিল্যান্ডের। শুরুটা করেন ওঝা। তার বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন ব্রেন্ডন ম্যাককালাম। ওঝা তার পরের ওভারের প্রথম বলেই মার্টিন গুপটিলকে সাজঘরে ফেরত পাঠান। তবে অল্পের জন্য হ্যাট্রিক করতে পারেননি ওঝা। রস টেলরের বিপক্ষে এলবিডব্লিউয়ের জোরালো আবেদন করলেও তাতে সাড়া দেননি আম্পায়ার।
এরপর শুরু হয় হরভজনের পালা। তিনি সাজঘরের পথ দেখান গ্যারেথ হপকিন্স ও টেলরকে। মাঝে ইশান্ত উড়িয়ে দেন ক্যান উইলিয়ামসনের উইকেট।
রায়নার বলে এলবিডব্লিউয়ের শিকার হন নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। আর রায়নাকে উড়িয়ে মারতে গিয়ে জেস রাইডার মিডঅফে ধরা পড়েন ইশান্ত শর্মার হাতে।
ইশান্তের বলে বোল্ড হওয়ার আগে সাউদি ২৫ বলে করেন ৩১ রান। এটিই ছিল দ্বিতীয় পালায় নিউজিল্যান্ড দলের পক্ষে সর্বোচ্চ রান।
প্রথম দু'টি ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এসএনএল/১৭৩০
bdnews24