ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাগপুরে তৃতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে ভারত। সোমবার ম্যাচের তৃতীয় দিন ভারত ৮ উইকেটে ৫৬৬ রানের পাহাড় গড়ে প্রথম ইনিংস ঘোষণা করে।
৩৭৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে দিনশেষে নিউজিল্যান্ড ২৪ রান করতে ১ উইকেট হারিয়েছে। ইনিংস হার এড়াতেই কিউইদের আরো দরকার ৩৪৯ রান। প্রথম ইনিংসে ১৯৩ রানে অল-আউট হয়ে যায় নিউজিল্যান্ড।
ব্যক্তিগত ৮ রানের মাথায় অন্যতম উদ্বোধনী ব্যাটসম্যান টিম ম্যাকিন্টশ এলবিডব্লিউ হয়ে যান হরভজন সিংয়ের বলে। ব্রেন্ডন ম্যাককালাম ১৫ এবং গ্যারেথ হপকিন্স ১ রানে ক্রিজে রয়েছেন।
তবে সোমবার গোটাদিনের নায়ক ছিলেন রাহুল দ্রাবিড়। তার সঙ্গী ছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর হতাশার নাম ছিল শচীন টেন্ডুলকার। প্রথমজন দ্বি-শতক মিস করেছেন। দ্বিতীয়জন পাননি কাক্সিক্ষত সেঞ্চুরি। আর তৃতীয়জন তার বহুকাক্সিক্ষত ৫০তম টেস্ট শতক করতে পারেননি।
দ্রাবিড় ১৯১ রান করে আউট হয়ে যান। অনিয়মিত অফ-স্পিনার কেন উইলিয়ামসনের বলে ক্যাচ দেন মার্টিন গাপটিলকে। শতক থেকে দুই রান দূরে থাকতে ৯৮ রানে ফিরে যান ধোনি। কিউই অধিনায়ক ভেট্টোরির বলে তার হাতেই তালুবন্দী হন তিনি। ধোনি এবং দ্রাবিড় ষষ্ঠ উইকেটে ১৯৩ রানের জুটি গড়েন।
সকালে ভারতীয় ইনিংসের সবচেয়ে বড় হতাশার নাম শচীন। আগের দিনের ৫৭ রান নিয়ে খেলতে নামা শচীন আর মাত্র চার রান করেই অ্যান্ডি ম্যাককের বলে কিপার গ্যারেথকে ক্যাচ দিয়ে আউট হয়ে যান।
লক্ষ্মণের উইকেট উপড়ে দেন পেসার ক্রিস মার্টিন। আর সুরেশ রায়নাকে ফেরান ভেট্টোরি। তারপরই দ্রাবিড় এবং ধোনি ম্যাচ থেকে মোটামুটি ছিটকে দেন কিউইদের।
তিন টেস্টের প্রথম দু'টি অমীমাংসিত ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/১৮৪০ ঘ.
bdnews24