ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়ান গেমস ক্রিকেটে সোনার পদক জয়ের লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার রাতে চিনের গুয়াংজুর উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা বাংলাদেশ ক্রিকেট দলের (পুরুষ)।
এশিয়ার অলিম্পিক হিসেবে পরিচিত এই গেমসে বাংলাদেশ এ পর্যন্ত সোনা জেতেনি। সর্বোচ্চ অর্জন রুপার পদক।
দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''আমাদের লক্ষ্য ফাইনালে খেলা এবং নিজেদের মেলে ধরতে পারলে আমরা অবশ্যই সোনার পদক জিতে দেশে ফিরতে পারবো।''
"প্রতিযোগিতায় খেলতে যাওয়ার আগে আমাদের দল কোনো প্রস্তুতি ম্যাচ খেলেনি। তবে এজন্য কোনো সমস্যা হবে না। কারণ দলের সব খেলোয়াড়ই জাতীয় লিগে খেলার মধ্যে ছিলেন,"বললেন তিনি।
চিনে অবস্থানরত জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে বাংলাদেশ দল।
আমিনুল জানিয়েছেন, গুয়াংজুর যে মাঠে খেলা হবে, সেই মাঠের উইকেট একটু স্লো ও স্পিন-সহায়ক।
আশরাফুল মনে করছেন, গুয়াংজুর পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে খুব একটা অসুবিধা হবে না। তার কথা, ''আমরা প্রথম ম্যাচের আগে পাঁচদিন সময় পাবো। আশা করছি এরই মধ্যে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবো।''
এশিয়াডে সোনার পদক জয়ের সামনে বড় বাধা হতে পারে পাকিস্তান ও শ্রীলঙ্কা।
তবে আশরাফুল এসব নিয়ে ভাবছেন না। তিনি বলেন ''আমরা আমাদের সেরা খেলা খেলে যাবো। আর তা করতে পারলে অবশ্যই সোনার পদক জিতবো।''
প্রতিযোগিতায় বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে।
পাকিস্তান ও শ্রীলঙ্কা ছাড়াও এতে অংশ নিচ্ছে চিন, হংকং, আফগানিস্তান, মালয়েশিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর ও নেপাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৮১৬ ঘ.
bdnews24