২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনুসের শতকে পাকিস্তান-দ. আফ্রিকা টেস্ট ড্র

ইউনুস খানের শতকের ওপর ভর করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট ড্র করেছে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2010, 10:20 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউনুস খানের শতকের ওপর ভর করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট ড্র করেছে পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার দ্বিতীয় পালায় তিন উইকেটে পাকিস্তানের ৩৪৩ রান তুলতেই শেষ হয়ে যায় পঞ্চম ও শেষদিনের খেলা। তখন ইউনুস খান ১৩১ ও অধিনায়ক মিসবাহ উল হক ৭৬ রানে অপরাজিত ছিলেন। পাকিস্তান ২ উইকেট ১০৯ রান নিয়ে পঞ্চমদিনের খেলা শুরু করে। হার বাঁচাতে হলে সারাদিন ব্যাট করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না তাদের সামনে। এ অবস্থায় আজহার আলী ১৫০ বলে করেন ৬৩ রান। এরপর সাবেক অধিনায়ক ইউনুস খানের সঙ্গে জুটি বাধেন অধিনায়ক মিসবাহ উল হক। দু'জনই খেলে যান দিনের শেষ পর্যন্ত। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ আক্রমনাত্মক ফিল্ডিং সাজিয়েও কাবু করতে পারেননি তাদের। ইউনুস আদায় করে নেন টেস্ট-জীবনের ১৭তম শতক। তার ২৩০ বলের ইনিংসে চার রয়েছে নয়টি ও ছক্কা চারটি। আগেরদিন সোমবার পাকিস্তানকে জেতার জন্য ৪৫১ রানের লক্ষ্য বেঁধে দেয় দক্ষিণ আফ্রিকা। হাতে একদিনেরও বেশি থাকায় হারের শঙ্কা নিয়ে ব্যাটিং শুরু করে তারা। ৭৫ রানে ২ উইকেট হারালে সেই শঙ্কা আরো বেড়ে যায়। প্রথম পালায় দক্ষিণ আফ্রিকা করে ৩৮০ রান। জবাবে ২৪৮ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের প্রথম পালা। দ্বিতীয় পালায় দুই উইকেটে ৩১৮ রান তুলে দান ছেড়ে দেয় দক্ষিণ আফ্রিকা। শতক হাঁকান হাশিম আমলা (১১৮) ও জ্যাক ক্যালিস (১৩৫)। ম্যাচ সেরা হন ইউনুস খান। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২০ নভেম্বর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৯৪৮ ঘ.