ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বাদশ জাতীয় ক্রিকেট লিগের একদিনের প্রতিযোগিতার শিরোপা জিতেছে ঢাকা বিভাগ। বরিশালের বিপক্ষে ৩ উইকেটে জিতে আবারো লিগ শিরোপা পুনরুদ্ধার করলো তারা।
২০০৭-০৮ মৌসুমে রাজশাহীর কাছে শিরোপা হারিয়েছিল ঢাকা।
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে ব্যাট করতে নামে গতবারের চ্যাম্পিয়ন বরিশাল। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে দলটি করে ২২১ রান।
দলের আসিফ আহমেদ ৫৭ বল খেলে করেন ৪৮। ৪০ রান আসে শামীশ হোসেনের ব্যাট থেকে।
ঢাকার শাহাদত ৩৯ রান দিয়ে নেন ৪ উইকেট। আশরাফুল ১৪ রান খরচায় তুলে নেন ২ উইকেট।
রান তাড়া করতে নেমে মাহমুদুল্লাহ এবং ইলিয়াস সানির অর্ধশতকে ফাইনাল জিতে ঢাকা। মাহমুদুল্লাহ করেন ৫৩ রান। ইলিয়াস সানি ৮৭ রান করে হয়েছেন ফাইনাল সেরা।
ঢাকা ৭ উইকেট হারিয়ে দুই ওভার হাতে রেখে পৌঁছে যায় লক্ষ্যে।
এনিয়ে ঢাকা তৃতীয়বারের মতো জাতীয় লিগের একদিনের প্রতিযোগিতার শিরোপা জিতল। এর আগে ২০০৬-৭ ও ২০০২-৩ মৌসুমে শিরোপা জিতেছিল দলটি।
এবারের জাতীয় লিগের একদিনের প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হয়েছেন ঢাকার মোহাম্মদ আশরাফুল। সেরা উইকেটরক্ষক একই দলের আনামুল হক। সেরা ফিল্ডার হয়েছেন বরিশালের আসিফ আহমেদ।
সবচেয়ে বেশি উইকেট (১৮) কামরুল ইসলামের। সর্বোচ্চ রান বরিশালের ফজলে রাব্বির (৩৭৯)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/টিআর/২১৪২ ঘ.
bdnews24