ঢাকা, ১৪ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নতুন অধিনায়ক ড্যারেন সামির নেতৃত্বে সোমবার গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।
শ্রীলঙ্কার মাটিতে এখনো কোনো টেস্ট সিরিজ জেতেনি ওয়েস্ট ইন্ডিজ। তাই জয়ই থাকবে তাদের লক্ষ্য। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে তিনবার সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা।
এর আগে ছয়টি টেস্ট সিরিজ খেলেছে দু'দল। এর মধ্যে উভয় দলই নিজেদের মাটিতে দু'টি করে সিরিজ জিতেছে। বাকি দু'টি সিরিজ ড্র হয়।
আগের দুই সিরিজে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন পেসার চামিন্দা ভাস ও স্পিনার মুত্তিয়া মুরালিধরন। এই দু'জনের কেউই এখন দলে নেই। সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভাস। আর মুরালিধরণ অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে।
তারপরও এই সিরিজ অনেকখানি এগিয়ে আছে কুমার সাঙ্গাকারার দল। সাবেক অধিনায়ক ক্রিস গেইল ও শিবনারায়ন চন্দরপল ছাড়া ওয়েস্ট ইন্ডিজের এই দলে অভিজ্ঞ খেলোয়াড় বলতে আর কেউ নেই।
মাত্র ৮টি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের নতুন অধিনায়ক সামির। তিনি শ্রীলঙ্কার স্পিন আক্রমণ নিয়ে বেশি ভাবছেন। বলেছেন, তার ব্যাটসম্যানদের জন্য স্পিনারদের সামাল দেয়াই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
শ্রীলঙ্কা সফরে আরো দু'টি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮০৮ ঘ.
bdnews24