ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ক্রিকেট দলের পাঁচ ক্রিকেটারকে কালো তালিকাভুক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা হলেন সাবেক টেস্ট অধিনায়ক সালমান বাট, দুই ফাস্ট বোলার মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির, উইকেটরক্ষক কামরান আকমল এবং লেগ-স্পিনার দানিশ কানেরিয়া।
এই পাঁচ ক্রিকেটারকে পাকিস্তানের বিশ্বকাপ দলে না নেয়ার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারণ ওই পাঁচজনের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ রয়েছে।
বিশ্বকাপ ক্রিকেটে হবে আগামী বছর বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায়।
কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ম্যাচ পাতানো ও দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয় পিসিবিকে। এজন্য এক মাসের সময় বেঁধে দেয়া হয়। এতে সাড়া দিয়ে এই পাঁচ ক্রিকেটারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় পিসিবি।
লর্ডস টেস্টে 'স্পট ফিক্সিং'র অভিযোগে সালমান, আসিফ ও আমিরের বিরুদ্ধে তদন্ত চলছে। তাদের সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আইসিসি। এই শাস্তির বিরুদ্ধে আপিল করেও লাভ হয়নি। শুনানি শেষে শাস্তি বহাল রাখা হয়।
কামরানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ম্যচ পাতানোর অভিযোগ রয়েছে। এ বছরের জানুয়ারিতে সিডনিতে অনুষ্ঠিত ওই টেস্টে অভাবনীয়ভাবে হেরেছিল পাকিস্তান। খেলার চতুর্থ ইনিংসে চারটি সহজ ক্যাচ ফেলে দেয়ার পাশাপাশি রানআউটেরও একটি সহজ সুযোগ নষ্ট করেন কামরান।
কানেরিয়ার বিরুদ্ধে রয়েছে কাউন্টি ক্রিকেটে 'স্পট ফিক্সিং'র অভিযোগ। এই অভিযোগ অবশ্য প্রমাণ হয়নি। কিন্তু সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমে দলে নেয়া হলেও, পরে তাকে বাদ দেয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৬৪৩ ঘ.
bdnews24