২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে ঢাকা ও বরিশাল

দ্বাদশ জাতীয় ক্রিকেট লিগের একদিনের প্রতিযোগিতার ফাইনালে উঠেছে ঢাকা ও বরিশাল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2010, 01:25 PM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বাদশ জাতীয় ক্রিকেট লিগের একদিনের প্রতিযোগিতার ফাইনালে উঠেছে ঢাকা ও বরিশাল বিভাগ। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার বরিশালের বিপক্ষে ৭৯ রানে জিতেছে ঢাকা বিভাগ। দিনের আরেক খেলায় খুলনার বিপক্ষে ৬ উইকেটে জিতেও ফাইনালে উঠতে পারেনি রাজশাহী। কেননা লিগের দ্বিতীয় পর্ব শেষে ঢাকা, বরিশাল ও রাজশাহী, তিন বিভাগেরই পয়েন্ট দাঁড়ায় দশ। কিন্তু 'হেড টু হেড' লড়াইয়ে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে ওঠে ঢাকা ও বরিশাল। শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ঢাকা করে ২৪২ রান। শামসুর রহমান ৫৪ রান করেন ১১২ বল খেলে। শুভাগত হোম চৌধুরীও করেন ৫৪। তবে খেলেছেন মাত্র ৪৭ বল। বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল সাজঘরে ফেরেন ৩৬ রান করে। তার চেয়ে এক রান বেশি করেন রনি তালুকদার। বরিশালের পক্ষে তিনটি করে উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি, সোহাগ গাজী ও আসিফ আহমেদ রাতুল। রান তাড়া করতে নেমে মাহমুদুল্লাহ ও শাহাদত হোসেনের দুর্দান্ত বোলিংয়ের মুখে বরিশালের পালা গুটিয়ে যায় মাত্র ১৬৩ রানে। ৫০ ওভারের খেলা হলেও দলটি খেলেছে মাত্র ৪০ ওভার ১ বল। দলের পক্ষে সবচেয়ে বেশি ৪৪ রান করেন রাতুল। মাহমুদুল্লাহ ২৯ রানে নেন ৩ উইকেট। শাহাদাতও ৩ উইকেট নেন। এজন্য তার খরচ হয় ২৩ রান। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আরেক খেলায় প্রথমে ব্যাট করতে নেমে রাজশাহীর স্পিনারদের সামনে অসহায় হয়ে পড়ে খুলনা। অলআউট হয়ে যায় মাত্র ১১৮ রানে। এক প্রান্ত আগলে রেখে খুলনার মিঠুন করেন ৫৪ রান। আর কোনো ব্যাটসম্যান সুবিধা করতে পারেননি। চারটি করে উইকেট নেন সোহরাওয়ার্দী শুভ ও নাইম ইসলাম। এজন্য শুভর খরচ হয় ২৮ রান। নাইম দেন ৩২। রান তাড়া করতে নেমে মাত্র ২৮ ওভারে ৪ উইকেটে জয়ের লক্ষ্য ১১৯ রান টপকে ১২৪ রানে পৌঁছে যায় রাজশাহী। ৪৭ রান করেন জুনায়েদ সিদ্দিকি। ফাইনাল হবে ১৪ নভেম্বর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এসএনএল/১৯১৫ ঘ.