২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের ক্ষণ গণনার জমকালো অনুষ্ঠান

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রাত ১২টা এক মিনিটে শুরু হয়েছে বিশ্বকাপ ক্রিকেটের ১০০ দিনের ক্ষণ গণনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2010, 06:49 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

আপন তারিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রাত ১২টা এক মিনিটে শুরু হয়েছে বিশ্বকাপ ক্রিকেটের ১০০ দিনের ক্ষণ গণনা। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ক্ষণ গণনার আনুষ্ঠানিক সূচনা করেন ডেপুটি স্পিকার এম শওকত আলী। অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ ছিল ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির উপস্থিতি। বিশ্বকাপ আয়োজক কমিটির আমন্ত্রণে তিনি ঢাকা আসেন। বিশ্বকাপের মাসকট স্ট্যাম্পির হাতে থাকা ঘড়িতে রাত বারোটা বাজতেই শুরু হয়ে যায় আতশবাজির ঝলকানি। রঙিন হয়ে ওঠে রাতের ঢাকার আকাশ। আধঘণ্টা স্থায়ী অনুষ্ঠান দেখতে মানিক মিয়া এভিনিউতে হাজির হয়েছিলেন হাজারো ক্রিকেটপ্রেমী। ১০০ দিন পরই ঢাকায় শুরু হবে ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতা বিশ্বকাপ। আগামী বছরের ১৭ ফেব্র"য়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান। এর দু'দিন পর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিশ্বকাপ ক্রিকেট ২০১১। বাংলাদেশ ছাড়া ভারত এবং শ্রীলংকাও এই দশম বিশ্বকাপের আয়োজক। বিশ্বকাপের মোট ৪৯টি ম্যাচের মধ্যে বাংলাদেশে হবে আটটি। বুধবার মধ্যরাত থেকেই ছড়াতে শুরু করলোসেই উৎসবের রঙ। এখন তা ছড়িয়ে পড়বে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলে। আগামী একশ' দিনই দেশের বিভিন্ন এলাকায় চলতে থাকবে বিশ্বকাপকে ঘিরে অনুষ্ঠান। রোড শো থেকে শুরু করে বিভিন্ন প্রচারণামূলক অনুষ্ঠানের আয়োজন করবে স্থানীয় জেলা ক্রীড়া সংস্থাগুলো। তারকাদের নিয়ে প্রতিটি জেলায় রোড শো অনুষ্ঠিত হবে। শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হবে বিলবোর্ড। এছাড়া বিশ্বকাপকে স্বাগত জানাতে দেশজুড়ে শোভা পাবে ব্যানার, ফেস্টুন, পোস্টার আর কাটআউট। পাশাপাশি গণমাধ্যমগুলোতেও থাকবে নানা প্রচারণা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নির্দেশনায় প্রচারণার অংশ হিসেবে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হবে মিনি বিশ্বকাপ। বুধবার রাতে বিশ্বকাপের ক্ষণ গণনা অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলি ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আ হ ম মোস্তফা কামাল। অনুষ্ঠানে তিনি বলেন, ''আজ বাংলাদেশের জন্য অনন্য একদিন। দশবছর আগে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে পা রেখেছিল। আর আজকের এই দিনটিই ইতিহাসের পাতায় ঠাঁই করে নেবে। মাত্র একশ' দিন পরই বিশ্বকাপ উৎসবে মেতে উঠবো আমরা।'' যাদের অবদানে এদেশের ক্রিকেট এগিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান বোর্ড সভাপতি। বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভ কামনা জানান সৌরভ গাঙ্গুলি। তিনি বলেন, ''কিছুদিন আগেই নিউজিল্যান্ডকে দেশের মাটিতে হারিয়েছে বাংলাদেশ। আমার বিশ্বাস বিশ্বকাপেও মাশরাফি বিন মর্তুজারা ভালো খেলবে।'' এছাড়া জাতীয় দলের ক্রিকেটার, কোচ, ক্রিকেট বোর্ডের পরিচালক, শ্রীলংকান ক্রিকেট বোর্ডের সিইও নিশান্ত রানাতুঙ্গা, স্পন্সর প্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তারা ক্ষণ গণনায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/ডিডি/০০৪৮ ঘ.