ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডন ব্রাডম্যান নয় শচীন টেন্ডুলকারই সর্বকালের সেরা ব্যাটসম্যান। সাবেক পাকিস্তান অধিনায়ক জহির আব্বাস এমনটাই মনে করেন।
যদিও বেশির ভাগ ধারাভাষ্যকার ও সাবেক খেলোয়াড়রা টেন্ডুলকারকে ব্রাডম্যানের পরেই রাখেন।
পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন আব্বাস বলেন, "সবাই তাকেই (ব্রাডম্যান) সেরাদের সেরা বলে। ব্রাডম্যানের খেলা না দেখলেও আমি জানি কোনো ভাবেই সে টেন্ডুলকারের চেয়ে ভালো ব্যাটসম্যান নয়।"
নিউজ অব সানডে'তে আব্বাস আরো বলেন, "এখন টেন্ডুলকার এক পা হলেও ডনের চেয়ে এগিয়ে। তার (টেন্ডুলকার) দিকে তাকালেই সেটা বোঝা যায়। আমি বলতে চাচ্ছি সে ২১ বছর ধরে খেলছে। তার হাজার হাজার রান ও ডজন ডজন শতক আছে। তার পরও একজন অভিষেক হওয়া খেলোয়াড়ের মতই তার রান ক্ষুধা। এটা খুবই দুর্দান্ত যে এখনো সে একজন তরুণের মত ব্যাট করে। পাকিস্তানের ব্যাটসম্যানদের তার কাছ থেকে অনেক কিছুই শেখার আছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/এনআই/২০০১ ঘ.
bdnews24