২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ধান পাওয়া গেছে 'নিখোঁজ' জুলকারনাইনের

তোলপাড় তোলার মতো খবর। দুবাইয়ে থাকা পাকিস্তান ক্রিকেট দলের উইকেটরক্ষক জুলকারনাইন হায়দার নিখোঁজ। সোমবার দুবাইতে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে সকালে তিনি কাউকে না বলে অগোচরে হোটেল ছেড়ে চলে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 12:56 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তোলপাড় তোলার মতো খবর। দুবাইয়ে থাকা পাকিস্তান ক্রিকেট দলের উইকেটরক্ষক জুলকারনাইন হায়দার নিখোঁজ। সোমবার দুবাইতে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে সকালে তিনি কাউকে না বলে অগোচরে হোটেল ছেড়ে চলে যান। অবশ্য শেষ পর্যন্ত 'নিখোজ' জুলকারনাইনের খোঁজ মিলেছে। গোপনে তিনি দুবাই ছেড়ে লন্ডন চলে গেছেন। লন্ডনের বিমান ধরার জন্য দুবাই বিমানবন্দরে তিনি যে রিপোর্টিং করেছিলেন তার নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ম্যানেজার নাদিম সারওয়ার জানান, "সকালে ম্যাচের প্রস্তুতি নিতে স্টেডিয়ামে আসার আগে সবাই খেয়াল করে জুলকারনাইন নেই। খোজাখুঁজি করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আমরা সঙ্গে সঙ্গেই ঘটনাটি আইসিসি'র নিরাপত্তা বিভাগ এবং স্থানীয় প্রশাসনকে জানিয়েছি। আমাদের কোনো ধারণাই নেই জুলকারনাইন কোথায় গেছে। কারণ ও কিছু বলেও যায়নি।" জুলকারনাইনের ফেসবুক ঘেটে একটি মেসেজ পাওয়া গেছে। সেখানে লেখাছিল, "পাকিস্তান ক্রিকেট থেকে সরে যাচ্ছি, কারণ কেউ আমাকে শেষ ম্যাচের জন্য হুমকি দিয়েছে।" বলা দরকার শেষ ম্যাচ, মানে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা চতুর্থ একদিনের ম্যাচ। সেই ম্যাচে পাকিস্তান এক বল বাকি থাকতে এক উইকেটে জিতেছিল। তাতে অপরাজিত ১৯ রান করেছিলেন জুলকারনাইন। তার ভাই রাজা হায়দার বলেছেন, "জুলকারনাইনকে সত্যিই কেউ হুমকি দিয়েছিল। চতুর্থ ওয়ানডের পর ওর সঙ্গে আমার কথা হয়েছিল। তখনই ও কিছু হুমকি পাওয়ার কথা বলেছিল। সেগুলো কি তা আমাকে আর খুলে বলেনি।" পাকিস্তানের জিও টিভির জনৈক প্রতিবেদকও একই রকম তথ্য জানিয়েছেন। তিনিও বলেছেন তাকে জুলকারনাইন সোমবার সকালে টেক্সট মেসেজে হুমকি পাওয়ার কথা জানিয়েছিল। ওই প্রতিবেদকও জানিয়েছিলেন, সম্ভবত জুলকারনাইন গোপনে লন্ডন চলে গেছেন। একই টিভি চ্যানেলের আরেকজন প্রতিবেদক জানান তাকে জুলকারনাইন টেক্সট মেসেজে লাহোরে তাদের বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করেন। সেই অনুযায়ী লাহোর পুলিশ জুলকারনাইনদের বাড়িতে পুলিশ মোতায়েন করেছে। পুলিশের কর্মকর্তা রানা ফয়সাল জানিয়েছেন, তারা কোনো ঝুঁকি নিতে চান না। জুলকারনাইন কিভাবে লন্ডন যেতে পারেন সেই প্রশ্ন উঠতেই পারে। কারণ খেলোয়াড়দের পাসপোর্ট জমা থাকে ম্যানেজমেন্টের কাছে। কিন্তু জানা গেছে চতুর্থ ওয়ানডে শেষ হওয়ার রাতে জুলকারনাইন তার পাসপোর্ট বিশেষ প্রয়োজনের কথা বলে তুলে নেন। এ ব্যাপারে পিসিবি'র কোনো শীর্ষ কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। ম্যানেজার ইন্তিখাব আলম কেবল বলেছেন তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অপারগ। কেবল বলতে পারেন জুলকারনাইন এখন দলের সঙ্গে নেই। সোমবার অবশ্য দুবাইয়ে পাকিস্তান যথারীতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পঞ্চম ও শেষ ওয়ানডে খেলতে নামে। উমর আকমল উইকেটরক্ষকের ভূমিকা নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/২০১৪ ঘ.