ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয় দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করেছে ইংল্যান্ড। পার্থে তিনদিনের প্রথম প্রস্তুতি ম্যাচে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে সফরকারীরা।
জয়ের জন্য শেষদিন রোববার চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের জয়ের লক্ষ্য ছিল ২৪৩ রান। অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের অপরাজিত ১২০ রানের সুবাদে সেই লক্ষ্যে সহজেই পৌঁছে যায় ইংল্যান্ড। ৪৭ ওভার ৪ বলে ৪ উইকেটে ২৪৩ রান করে সফরকারীরা।
জোনাথন ট্রট ২৩, কেভিন পিটারসেন ৩৫ ও ইয়ান বেল অপরাজিত ২২ রান করেন।
এর আগে ১ উইকেটে ১০৯ রান নিয়ে তৃতীয়দিনের খেলা শুরু করে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। কিন্তু শেষ ৯ উইকেটে তারা দলের সঙ্গে যোগ করে মাত্র ৯৩।
ইংল্যান্ড অফস্পিনার গ্রায়েম সোয়ান ৪ উইকেট নেন ১০১ রানে। দু'টি করে উইকেট নেন দুই পেসার স্টুয়ার্ট ব্রড এবং স্টিভেন ফিন।
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে ২৫ নভেম্বর ব্রিসবেনে।
তবে এর আগে আরো দু'টি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮০৫ ঘ.
bdnews24