২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় পর্বে ঢাকা, বরিশাল, রাজশাহী ও খুলনা

দ্বাদশ জাতীয় ক্রিকেট লিগের একদিনের প্রতিযোগিতায় দ্বিতীয় পর্বে উঠেছে ঢাকা, বরিশাল, রাজশাহী ও খুলনা বিভাগ। প্রথম পর্ব থেকে বিদায় নিয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2010, 03:30 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বাদশ জাতীয় ক্রিকেট লিগের একদিনের প্রতিযোগিতায় দ্বিতীয় পর্বে উঠেছে ঢাকা, বরিশাল, রাজশাহী ও খুলনা বিভাগ। প্রথম পর্ব থেকে বিদায় নিয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগ। হার দিয়ে শুরু হলেও প্রথম পর্ব জয় দিয়ে শেষ করছে ঢাকা। শুক্রবার লিগের অন্যান্য খেলায় জিতেছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগ। বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে প্রথম পর্বের শেষ খেলায় খুলনাকে ৬ উইকেটে হারিয়েছে ঢাকা বিভাগ। ঢাকার পেসার মাহবুবুল আলম রবিনের মারাত্মক বোলিংয়ের মুখে খুলনার পালা গুটিয়ে যায় ১৭০ রানে। ৫০ ওভারের খেলা হলেও তারা খেলেছে ৪৭ ওভার ৫ বল। জয়ের লক্ষ্য ১৭১ রানে পৌঁছে যায় ঢাকা মাত্র ৩৬ ওভার ৫ বলে। খুলনার তুষার ইমরান ৫৩ ও অধিনায়ক সগীর হোসেন পাভেল ৫৪ রান করেন। রবিন ৫ উইকেট নেন ২৭ রানে। ঢাকার এনামুল দলের পক্ষে সবচেয়ে বেশি ৬৪ রান করেন। উত্তম সরকার করেন ৪৪। খুলনার বিশ্বনাথ নেন ৩ উইকেট। ম্যাচ সেরা হন রবিন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে ৩ উইকেটে জিতেছে বরিশাল বিভাগ। টস জিতে ব্যাট করতে নেমে রাজশাহী ৫০ ওভারে ৯ উইকেটে করে ২২০। আনিসুর রহমান করেন ৬১ ও জুবায়ের আহমেদ ৪৬ রান করেন। দু'টি করে উইকেট নেন বরিশালের কামরুল ইসলাম ও সোহাগ গাজী। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের শেষ বলে জয় তুলে নেয় বরিশাল। দলের পক্ষে সবচেয়ে বেশি ৫৮ রান করেন হান্নান সরকার। এছাড়া ফজলে রাব্বি ৫০, শাহীন হোসেন ৪৭ ও আরাফাত সালাহউদ্দিন ৩১ রান করেন। দু'টি করে উইকেট নেন ফরহাদ রেজা এবং সাকলায়েন সজীব। রাজশাহীর শহীদ এএইচএম কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে ১২১ রানে জিতেছে চট্টগ্রাম। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নাফিস ইকবাল (৬৯), আফতাব আহমেদ (৫২) ও ফয়সাল হোসেনের (৫৮) অর্ধশতকের ওপর ভর করে চট্টগ্রাম ৭ উইকেটে করে ২৫১। রান তাড়া করতে নেমে ফয়সাল হোসের দুর্দান্ত বোলিংয়ের সামনে অসহায় হয়ে পড়ে সিলেট। তিনি মাত্র ২৮ রান দিয়ে নেন ৫ উইকেট। আর সিলেট গুটিয়ে যায় মাত্র ১৩০ রানে। সায়েম আলম করেন ৪৫ রান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এনআই/২০৩৬ ঘ.