ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'স্পট ফিক্সিং' নিয়ে তদন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে পাকিস্তান দলের খেলায় কোনো প্রভাব ফেলছে না বলে জানিয়েছেন সে দেশের একদিনের ক্রিকেট দলের অধিনায়ক শহিদ আফ্রিদি।
পাঁচ ম্যাচের সিরিজে পাকিস্তান পিছিয়ে আছে ২-১ ব্যবধানে। শুক্রবার দুবাইতে হবে চতুর্থ একদিনের খেলা।
আফ্রিদি বলেন, "স্পট ফিক্সিংসহ অন্য সব বিতর্ক আমরা পেছনে ফেলে এসেছি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে এসবের কোনো প্রভাব দলের ওপর পড়েনি। তৃতীয় খেলায় আমরা আসলে জেতা ম্যাচ হাতছাড়া করেছি।"
পাকিস্তান অধিনায়কের দাবি, খেলোয়াড়রা এখন প্রতিটি খেলায় নিজেদের অনেক বেশি উজাড় করে দিচ্ছে। তবে দক্ষিণ আফ্রিকার ফিল্ডিংই দু'দলের মধ্যে তফাৎ গড়ে দিচ্ছে বলে মনে করেন আফ্রিদি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখনো পর্যন্ত মাঠে নামতে পারেননি মিডল-অর্ডার ব্যাটসম্যান উমর আকমল। টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, অনুশীলনের সময় চোট পান তিনি। এমআরআই স্ক্যানের পর তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯০১ ঘ.
bdnews24