২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে বুধবার

অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা একদিনের সিরিজের প্রথম ম্যাচটি ০৩ নভেম্বর বুধবার শুরু হচ্ছে। সিরিজে তিনটি ম্যাচ খেলবে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 12:29 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা একদিনের সিরিজের প্রথম ম্যাচটি ০৩ নভেম্বর বুধবার শুরু হচ্ছে। সিরিজে তিনটি ম্যাচ খেলবে তারা। মেলবোর্নে বাংলাদেশ সময় সকাল সাড়ে ন'টায় খেলা শুরু হবে। তবে এ ম্যাচে খেলছেন না রিকি পন্টিং। দাদির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে লনসেসটন যাবেন তিনি। তাই দলের নেতৃত্ব দেবেন মাইকেল ক্লার্ক। এই সফরের একমাত্র টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচটি ৭ উইকেটের বড় ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা। এবছর জুলাইতে পাকিস্তানের বিপক্ষে লর্ডস টেস্ট জেতার পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচে জয়ের দেখা পায়নি অস্ট্রেলিয়া। ২৫ নভেম্বর থেকে অ্যাশেজ সিরিজ শুরু হচ্ছে। তার আগে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেতে শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজে জেতার জন্য মরিয়া হয়ে খেলবে তারা। অজি অধিনায়ক রিকি পন্টিং বলেন, "যদি জুলাই থেকে ধরা হয় তবে বেশ লম্বা সময় ধরে আমরা জয় পাচ্ছিনা। তবে সত্যি বলতে কি এই সময়ের মধ্যে আমরা অল্প কিছু ম্যাচই খেলেছি। জানি জয়ের ধারায় ফিরতে হলে আমাদের আরো পরিশ্রম করতে হবে। আমরা তাড়াতাড়িই জয়ের দেখা পাব। হয়তো সেটা কালই।" অস্ট্রেলিয়া দলে ফিরে এসেছেন মিচেল জনসন, নাথান হরিজ ও মাইকেল হাসি। এদিকে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয় এখনো শ্রীলঙ্কার কাছে অধরাই রয়ে গেছে। তবে টি-টোয়েন্টি ম্যাচে তারা যেভাবে খেলেছে সেটা যদি একদিনের সিরিজেও ধরে রাখতে পারে তবে হয়তো নতুন রেকর্ডটি হয়ে যেতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/এনআই/১৮৪৮ ঘ.