২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমান, আমিরের নিষেধাজ্ঞা বহালের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া

'স্পট ফিক্সিং'য়ের সঙ্গে জড়িত থাকার দায়ে অভিযুক্ত পাকিস্তানের ক্রিকেটার সালমান বাট ও মোহাম্মদ আমিরের সাময়িক নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দেশটির সাবেক ক্রিকেটার ও কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 12:39 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'স্পট ফিক্সিং'য়ের সঙ্গে জড়িত থাকার দায়ে অভিযুক্ত পাকিস্তানের ক্রিকেটার সালমান বাট ও মোহাম্মদ আমিরের সাময়িক নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দেশটির সাবেক ক্রিকেটার ও কর্মকর্তারা। অন্য অভিযুক্ত মোহাম্মদ আসিফ আপিল করলেও পরে তা প্রত্যাহার করে নেন। ইংল্যান্ডের একটি ট্যাবলয়েড অভিযোগ করে যে, সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে অর্থের বিনিময়ে ইচ্ছা করে 'নো' বল করেছিলেন আসিফ ও আমির। আর এতে নাটের গুরু ছিলেন ওই খেলায় পাকিস্তানের অধিনায়ক সালমান বাট। এ ব্যাপারে পত্রিকাটি কিছু ভিডিও-চিত্র আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে পাঠায়। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান তৌকির জিয়া বলেন, তাদের আপিল নাকচ করে দিয়ে আইসিসি সঠিক কাজটিই করেছে। সাবেক অধিনায়ক আসিফ ইকবালও আইসিসির এই সিদ্ধান্তে অবাক হননি। তিনি বলেন, নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্তে বোঝা যায় যে তিন খেলোয়াড়ের বিরুদ্ধেই আইসিসি'র কাছে প্রমাণ আছে। তবে পাকিস্তানের সাবেক লেগ-স্পিনার আব্দুল কাদের তাদের সঙ্গে একমত নন। তিনি মনে করেন পাকিস্তানের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে। এ প্রসঙ্গে কাদের বলেন, "ভারতের সুরেশ রায়নার বিরুদ্ধেও জুয়াড়িদের সঙ্গে যোগাযোগের অভিযোগ উঠেছে। কিন্তু আইসিসি তা এড়িয়ে গেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮৩০ ঘ.