ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ দলের সাবেক তিন অধিনায়ক আকরাম খান, ফারুক আহমেদ ও নাইমুর রহমান দুর্জয়ের দল ফুওয়াং র্যাম্বলার্স ৩ উইকেটে ক্রিকেটিয়ার্সকে হারিয়ে ওয়েকা বিচ ক্রিকেটের শিরোপা জিতেছে।
কক্সবাজার সমুদ্র সৈকতের সিগ্যাল পয়েন্টে ফাইনালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ক্রিকেটিয়ার্স। ৫ ওভারে ২ উইকেট হারিয়ে রান করে ৭৬।
জাতীয় দলের সাবেক তারকা এহসানুল হক সিজান করেন ১৩ বলে ৩০ রান। ১৮ রান করেন আজম ইকবাল।
রান তাড়া করতে নেমে ৪ ওভার ৪ বলে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য ৭৭ রান টপকে ৮০ তে পৌঁছে যায় র্যাম্বলার্স।
দুর্জয় তো রীতিমতো ঝড় তোলেন। মাত্র ৮ বলে করেন ৩৫। তাই খেলার সেরা খেলোয়াড় নির্বাচনের জন্য মোটেও ভাবতে হয়নি নির্বাচকদের। সেরা খেলোয়াড়ের পুরস্কারটি ওঠে দুর্জয়েরই হাতে।
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছেন মিনহাজউদ্দিন। মোট ১০১ রান করার পাশাপাশি তিনি নিয়েছেন ৬ উইকেট। ২০০১ সালে ক্রিকেটকে বিদায় জানান মিনহাজ।
ফাইনাল শেষে বিজয়ী দলের অধিনায়ক ফারুক আহমেদের হাতে ট্রফি তুলে দেন প্রতিযোগিতার স্পন্সর 'এবি ব্যাংক'র পরিচালক ফাহিমুল হক।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি সাজ্জাদুল আলম ববি, পরিচালক জি এস হাসান তানিম ও গাজী আশরাফ হোসে লিপু এবং অন্য স্পন্সর সিটিসেল'র চিফ অপারেটিং অফিসার ডেভিড লি।
প্রতিযোগিতার আয়োজক ওয়েকা ফাইনাল শেষে সম্মান জানিয়েছে সাবেক আম্পায়ার এসএ আহাদ ঝুনু, সাবেক ক্রিকেটার রামচাঁদ গোয়ালা এবং সৈয়দ আলতাফ হোসেনকে। ক্রেস্ট ছাড়াও তাদের প্রত্যেককে দেয়া হয়েছে এক লাখ টাকা।
এবার প্রতিযোগিতায় ভিন্ন ভুমিকায় দেখা গেছে সাবেক ক্রিকেটার হাবিবুল বাশারকে। ধারা ভাষ্যকার ছিলেন তিনি। জানালেন, ''বেশ গোছানো একটা প্রতিযোগিতা শেষ হলো। দারুণ উপভোগ করেছি। আমার বন্ধুদের অনেকেই এবার আসেনি। তাদের আগামী বছর আসতে বলবো।''
সাবেক ক্রিকেটারদের সংগঠন ওয়েকার এই আয়োজনে এবারের প্রতিযোগিতায় অংশ নেয় ১৩ টি দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/২০৫১ ঘ.
bdnews24