২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর্তমানদের মধ্যে শচীনই সেরা একাদশে

ইএসপিএন-ক্রিকইনফোর সর্বকালের সেরা বিশ্ব টেস্ট একাদশে বর্তমান ক্রিকেটারদের মধ্যে রয়েছেন কেবল মাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। তবে দলের বেশিরভাগ খেলোয়াড় অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 12:09 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইএসপিএন-ক্রিকইনফোর সর্বকালের সেরা বিশ্ব টেস্ট একাদশে বর্তমান ক্রিকেটারদের মধ্যে রয়েছেন কেবল মাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। তবে দলের বেশিরভাগ খেলোয়াড় অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের। এছাড়া গত দু'দশকের খেলোয়াড়দের মধ্যে একাদশে রয়েছেন কেবল শেন ওয়ার্ন, অ্যাডাম গিলক্রিস্ট ও ওয়াসিম আকরাম। সেরা একাদশের খেলোয়াড়দের মধ্যে চারজন অস্ট্রেলিয়ার, তিনজন ওয়েস্ট ইন্ডিজের, দু'জন ইংল্যান্ডের, একজন ভারতের ও একজন পাকিস্তানের। তিনজন খেলোয়াড়কে বেছে নিয়েছেন ১২জন নির্বাচকের সবাই। তারা হলেন স্যার ডন ব্রাডম্যান, গ্যারি সোবার্স ও শেন ওয়ার্ন। সবাই পেয়েছেন ৬০ পয়েন্ট করে। ৫১ পয়েন্ট পেয়েছেন টেন্ডুলকার। নির্বাচকদের মধ্যে রয়েছেন ইয়ান চ্যাপেল, ক্লাইভ লয়েড, টনি গ্রেগ, ইন্তিখাব আলম, জন রাইট ও অজিত ওয়াদেকারসহ আটজন ক্রিকেটার এবং চারজন ক্রিকেট বিষয়ক ঐতিহাসিক ও লিখিয়ে। দ্বিতীয় সেরা একাদশও নির্বাচন করেছেন তারা। এছাড়া পাঠকদের দৃষ্টিতে সর্বকালের সেরা বিশ্ব টেস্ট একাদশে রয়েছেন ব্রাডম্যান, টেন্ডুলকার, সোবার্স, গিলক্রিস্ট, ওয়ার্ন ও আকরাম। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে বেশিরভাগ পাঠকরা বেছে নিয়েছেন সুনীল গাভাস্কার ও বীরেন্দ্র শেবাগকে। মিডল-অর্ডারে রিচার্ডসের চেয়ে এগিয়ে আছেন ব্রায়ান লারা। বোলিং বিভাগে পাঠকরা দলে নিয়েছেন দু'জন স্পিনার ও দু'জন ফাস্ট বোলার। স্পিনার হিসেবে আছেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরন। আর পেস আক্রমণে রয়েছেন গ্লেন ম্যাকগ্রা ও ওয়াসিম আকরাম। সেরা একাদশ: জ্যাক হবস, লেট হাটন, ডন ব্রাডম্যান, শচীন টেন্ডুলকার, ভিভ রিচার্ডস, গ্যারি সোবার্স, অ্যাডাম গিলক্রিস্ট, ম্যালকম মার্শাল, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম ও ডেনিস লিলি। দ্বিতীয় সেরা একাদশ: সুনীল গাভাস্কার, ব্যারি রিচার্ডস, জর্জ হেডলি, ব্রায়ান লারা, ওয়ালি হ্যামন্ড, ইমরান খান, অ্যালান নট, বিল ও'রেইলি, ফ্রেড ট্রুম্যান, মুত্তিয়া মুরালিধরন ও এসএফ বার্নস। পাঠকদের সেরা একাদশ: সুনীল গাভাস্কার, বীরেন্দ্র শেবাগ, ডন ব্রাডম্যান, শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, গ্যারি সোবার্স, অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম, মুত্তিয়া মুরালিধরন ও গ্লেন ম্যাকগ্রা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/১৭৪৭ ঘ.