ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃষ্টির জন্য শেষ পর্যন্ত ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় একদিনের খেলাটিও হয়নি। ফলে তিন ম্যাচের একদিনের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিল ভারত।
সেই সঙ্গে ১৯৭৯-৮০ মৌসুমের পর এই প্রথম একটি খেলাতেও জয়ের মুখ দেখতে পারলো না অস্ট্রেলিয়া। এমনকি, প্রস্তুতি ম্যাচেও জিততে পারেনি তারা।
খেলার দিন শনিবার মারগাওয়ের আকাশ ছিল পরিস্কার। কিন্তু আগের রাতে ও ভোরে প্রবল বৃষ্টির কারণে আউটফিল্ডের অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। খেলা চালানো সম্ভব ছিল না।
কোচিতে প্রথম খেলটি বৃষ্টিতে ভেসে যায়। বিশাখাপট্টনমে ভারত জেতে ৫ উইকেটে, সাত বল হাতে রেখেই।
দ্বিতীয় খেলায় দু'দলেরই কিছু ইতিবাচক দিক রয়েছে। ভারতের বিরাট কোহলি শতক হাঁকিয়েছেন। ফলে পরবর্তী দল নির্বাচনের ক্ষেত্রে কিছুটা হলেও এগিয়ে থাকলেন তিনি রোহিত শর্মার চেয়ে। তবে শেষ পাঁচ ওভারে ভারতীয় বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। ৮৪ রান তুলে নেন তারা।
অপরদিকে শতক হাঁকিয়েছেন অস্টেলিয়ার মাইকেল ক্লার্ক। যদিও টেস্ট সিরিজ কেটেছে তার হতাশায়। চার পালায় রান করেন মাত্র ৩৫। অভিষেকেই নজর কেড়েছেন ২০ বছর বয়সী বাঁ-হাতি সিমার মাইকেল স্টার্ক। জন হাস্টিংও ভালো খেলেছেন তার অভিষেক ম্যাচে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬০৫ ঘ.
bdnews24