২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়কত্ব পেয়ে বিস্মিত ড্যারেন সামি

ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়কত্ব পেয়ে রীতিমতো বিস্মিত অলরাউন্ডার ড্যারেন সামি। কোনো রাখঢাক না করে অকপটে তা স্বীকারও করে নিলেন তিনি। ক্রিকেট জীবনে তিনি নাকি কখনো ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক হওয়ার স্বপ্নও দেখেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2010, 12:56 PM

Updated : 25 Aug 2022, 07:26 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়কত্ব পেয়ে রীতিমতো বিস্মিত অলরাউন্ডার ড্যারেন সামি। কোনো রাখঢাক না করে অকপটে তা স্বীকারও করে নিলেন তিনি। ক্রিকেট জীবনে তিনি নাকি কখনো ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক হওয়ার স্বপ্নও দেখেননি। শ্রীলঙ্কা সফরে দলের নেতৃত্ব দেবেন তিনি। ক্রিস গেইলকে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার পর তাকে দলনায়ক করা হয়। এ পর্যন্ত মাত্র আট টেস্ট খেলেছেন সামি। সামি আসলে চেয়েছেন দলের হয়ে নিয়মিত খেলার সুযোগ। এর বেশি আর কোনো চাহিদা ছিল না তার। তবে অধিনায়ক হয়ে সামি বলেন, ''আমি সাহসিকতার সঙ্গেই দল পরিচালনা করব। খেলোয়াড়দের কাছে আমি কি চাই তা পরিস্কার করে তাদের জানিয়ে দেব। আর আমি নিজে সামনে থেকে নেতৃত্ব দিয়ে উদাহরণ সৃষ্টি করতে চাই। খেলোয়াড়দের কাছ থেকে তাদের সেরাটা আদায় করাই হবে আমার লক্ষ্য।'' দলের সহ-অধিনায়ক ব্রেন্ডন ন্যাশ। গেইলের সময় সহ-অধিনায়ক ছিলেন ডোয়াইন ব্রাভো। তবে গেইল এবং ব্রাভো, দলে রয়েছেন দু'জনই। সামির আশা, তিনি সাবেক অধিনায়ক গেইলের পুরো সহযোগিতা পাবেন। সঙ্গে গোটা দলেরও। তিনি বলেন, ''২০০৪ সালে আমার আন্তর্জাতিক ক্রিকেট-জীবন শুরু হয়। এরপর থেকে গেইলের সঙ্গে নিয়মিতই খেলে আসছি। ওর সঙ্গে আমার সম্পর্কও ভালো। ও আমাকে সহযোগিতারও আশ্বাস দিয়েছে।'' সামি ঠিক করেছেন শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে তিনি দুই সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েড এবং ভিভ রিচার্ডসের কাছ থেকে পরামর্শ নেবেন। শ্রীলঙ্কা সফরে ওয়েস্ট ইন্ডিজ তিনটি টেস্ট, পাঁচটি একদিনের ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। প্রথম টেস্ট শুরু হবে ১৫ নভেম্বর, গলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৮৪৯ ঘ.