ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যাট হাতে নিজের সেরা সময়ে তিনি যে আর নেই, তা স্বীকার করে নিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং।
তবে এর একটা ব্যাখ্যাও দিয়েছেন পন্টিং। তিনি মনে করেন, "সেরাটা বলতে আমি বোঝাতে চাইছি, ক্রিকেট-জীবনে আমি যে উচ্চতায় পৌঁছেছি, সেটা আর অতিক্রম করা সম্ভব নয়। তবে এই মান আরো কিছুদিন ধরে রাখার সামর্থ্য আমার আছে।"
কিছুদিন আগে সাবেক অজি অধিনায়ক মার্ক টেলর বলেছিলেন, পন্টিং ব্যাট হাতে তার সেরা সময় পেরিয়ে এসেছেন। এরই জবাব দিতে গিয়ে এ কথা বলেন বর্তমান অধিনায়ক।
পন্টিং বলেন, "প্রত্যেক ক্রিকেটারেরই ক্রিকেট-জীবনে সেরা একটা সময় আসে। সেই সময়টা কিন্তু চিরস্থায়ী নয়।"
এমনকি, শচীনও তার উচ্চতা আর ছাড়িয়ে যেতে পারবেন না বলে মনে করছেন পন্টিং। ভারতের এই মাস্টার ব্যাটসম্যান এখন দুর্দান্ত ফর্মে রয়েছেন।
ভারতের কাছে টেস্ট সিরিজ হারের পর পন্টিং ভারতের বিপক্ষে একদিনের সিরিজে খেলছেন না, বিশ্রামে রয়েছেন। তৈরি হচ্ছেন দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ খেলার জন্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮১২ ঘ.
bdnews24