ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশে ফিরে যাচ্ছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার ডাগ বোলিঞ্জার ও মিড্ল-অর্ডার ব্যাটসম্যান মাইকেল হাসি।
তৃতীয় একদিনের খেলার আগেই তারা ভারত ত্যাগ করবেন। খেলাটি হবে গোয়ায় ২৪ অক্টোবর।
পাকস্থলির ব্যাথার চিকিৎসার জন্য বোলিঞ্জারকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। মোহালি টেস্টের সময় ব্যাথা অনুভব করার পর থেকেই তাকে দর্শক হয়ে থাকতে হয়। অস্ট্রেলিয়ার ফিজিও কেভিন সিমস বলেন, "বোলিঞ্জারের আগের ব্যাথা এখনো সারেনি। এখনো কিছুটা অস্বস্তি বোধ করছেন তিনি।" তবে তা মারাত্মক কিছুই নয় বলে সিমস জানান।
আসছে গ্রীষ্মে অ্যাসেজ সিরিজসহ বেশ কয়েকটি ম্যাচ খেলতে হবে। তাই হাসির ওপর চাপ কমানোর জন্য তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ পসঙ্গে প্রধান নির্বাচক অ্যান্ড্রু হিলডিচ বলেন, "গ্রীষ্মে বহু খেলা রয়েছে। এছাড়া বিশ্বকাপ ক্রিকেটকে মাথায় রেখে তৃতীয় একদিনের খেলার জন্য হাসিকে দলে রাখা হয়নি।"
দ্বিতীয় একদিনের খেলায় ভারতের কাছে অস্ট্রেলিয়া হারলেও হাসি ব্যাট করেছিলেন চমৎকার। রান করেন ৬৯। যদিও চেষ্ট সিরিজে তিনি খুব একটা সুবিধা করতে পারেননি। চার ইনিংসে রান করেন ৯৯। এর মধ্যে সর্বোচ্চ রান ছিল ৩৪।
কয়েকদিন বিশ্রাম নিয়ে হাসি শেফিল্ড শিল্ডে খেলবেন বলে হিলডিচ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬১৭ ঘ.
bdnews24