ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রিকেটে পাতানো ম্যাচ ঠেকাতে অভিনব উপায় বের করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এখন থেকে ছদ্মবেশি গোয়েন্দারা বাজিকর কিংবা তাদের এজেন্ট হিসেবে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হয়ে ম্যাচ গড়াপেটার টোপ ফেলবে।
তাতে কেউ ধরা পড়লেই সর্বনাশ।
এই পদ্ধতি কিছুদিনের মধ্যেই চালু হতে পারে। আর তা দিয়ে যখন-তখন যে কোনো সিরিজে খেলোয়াড়দের জন্য ফাঁদ পাতা হবে।
আইসিসি দেখতে চায় এতে ক্রিকেটাররা কিভাবে সাড়া দেয়। এই পরিকল্পনা অনুযায়ী যাদের কাছে এমন গড়াপেটার প্রস্তাব যাবে, তাদের তৎক্ষণাৎ তা রিপোর্ট করতে হবে দলের ম্যানেজমেন্ট এবং আইসিসির কাছে।
আইসিসির দুর্নীতি দমন কমিশনের আচরণ বিধি অনুযায়ী রিপোর্ট করতে ব্যর্থ খেলোয়াড়দের জরিমানা এবং নিষিদ্ধও করা হতে পারে।
আইসিসির প্রধান নির্বাহী হারুণ লরগাত জানিয়েছেন ম্যাচ গড়াপেটা বদ্ধ করতে বেশ কিছু পদক্ষেপের কথা ভাবা হচ্ছে। তার মধ্যে এটা অন্যতম। বলেন ''আমরা এর মাধ্যমে দেখতে চাই খেলোয়াড়দের প্রতিক্রিয়া।''
এই পরিকল্পনাটি এখন গভীরভাবে বিবেচনা করা হচ্ছে। আইসিসির পরবর্তী সভায় বিষয়টি নিয়ে গুরুত্বপুর্ন আলোচনা হবে। লরগাত বলেন, তারা যেকোনো মূল্যে ক্রিকেটকে পরিস্কার রাখতে চান। তাই বিভিন্ন উপায় গ্রহনের কথা উঠেছে।
বর্তমান নিয়ম অনুযায়ী কোনো দেশের বোর্ড আইসিসিকে গড়াপেটার অভিযোগ জানালে তারা তা জানতে পারে। আর বোর্ড জানে তাদের খেলোয়াড়রা ম্যানেজমেন্টের কাছে রিপোর্ট করার পর। কিন্তুু অধিকাংশ ক্ষেত্রেই তা হয় না। খেলোয়াড়রা তা চেপে যায়।
আইসিসির ধারনা, এই পরিকল্পনাটি বাস্তবায়িত হলে খেলোয়াড়রা ম্যাচ গড়াপেটার ব্যাপারে অনেক সচেতন ও সাবধান হবে।
যদি আইসিসির পরবর্তী সভায় বিষয়টি অনুমোদন পায়, তাহলে এটি আগামী মাসে শুরু হতে যাওয়া অ্যাশেজেই চালু হতে পারে। আর নইলে ২০১১ এর বিশ্বকাপে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/ ১৬২৭ ঘ.
bdnews24