ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজ জেতা বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার গণভবনের ব্যাঙ্কোয়েট হলে সাকিবদের সংবর্ধনা জানানো হয়।
সিরিজ জয়ী খেলোয়াড় ও কর্মকর্তাদের প্রত্যেককে এক্সিম ব্যাংক ও সাকোর পক্ষ থেকে এক লাখ টাকা করে দেয়া হয়। এছাড়া সিরিজ জয়ী অধিনায়ক ও সিরিজের সেরা খেলোয়াড় হওয়ার জন্য অধিনায়ক সাকিব আল হাসানকে একই প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে উপহার দেয়া হয় একটি গাড়ি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলোয়াড়দের স্যুটের পিস উপহার দেন।
অনুষ্ঠানে ইমরুল কায়েস ছাড়া বাংলাদেশ দলের সব খেলোয়াড়, কোচ ও কোচিং স্টাফরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সাকিব বলেন, "এটা আমাদের গত একমাসের কঠোর পরিশ্রমের ফল।" একইসঙ্গে তিনি বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক গ্রামীণফোন ও বাটাকেও ধন্যবাদ জানান।
মাশরাফি বিন মতুর্জা তাদের সংবর্ধনা দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি সিরিজ জয়ের কৃতিত্ব সাকিবকেই দিয়েছেন। মাশরাফি জানান, বিশ্বকাপে তাদের লক্ষ্য থাকবে কমপক্ষে শেষ আটে ওঠা।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচ/এটি/২০৪০ ঘ.
bdnews24