২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার মুখোমুখি ভারত-অস্ট্র্রেলিয়া

বিশাখাপত্তনমের ওয়াইএস রাজশেখর রেড্ডি স্টেডিয়ামে দ্বিতীয় একদিনের ম্যাচে বুধবার মুখোমুখি হচ্ছে ভারত - অস্ট্রেলিয়া। ম্যাচটি হবে দিন-রাতের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 12:20 PM

Updated : 25 Aug 2022, 07:09 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশাখাপত্তনমের ওয়াইএস রাজশেখর রেড্ডি স্টেডিয়ামে দ্বিতীয় একদিনের ম্যাচে বুধবার মুখোমুখি হচ্ছে ভারত - অস্ট্রেলিয়া। ম্যাচটি হবে দিন-রাতের। কোচিতে ভারত-অস্ট্রেলিয়া প্রথম একদিনের ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল। তাই তিন ম্যাচের সিরিজ এখন হয়ে গেছে দুই ম্যাচের। কোচির মতো বৃষ্টির শঙ্কা বিশাখাপত্তনমে নেই। গত কয়েকদিন ধরে চমৎকার ঝলমলে রোদ। দু'দলই চলে এসেছে শহরে। পিচ কিউরেটর বলেছেন বিশাখাপত্তনমে বড় রানের ম্যাচ হবে। কারণ পিচ একেবারে ব্যাটিং স্বর্গ। এ পিচ বরাবরই তাই। টসে জেতা দল আগে তাই ব্যাটিং নিলে ভাল করবে। তিনশো রান উঠবে অনায়াসে। আয়োজকরা আশ্বাস দিয়েছেন শিশিরের কোনো উৎপাত থাকবে না। কাজেই পরে রাতে বোলিং করা দল তেমন কোনো সমস্যায় পড়বে না। গত বছর বিশাখাপত্তনমে ঠিক এই সময়েই ভারত-শ্রীলঙ্কা ওয়ানডে ম্যাচের কথা ছিল। কিন্তু নিরাপত্তার কারণে তা সরিয়ে নেয়া হয় নাগপুরে। এবার সেরকম কোনো সমস্যা নেই। প্রথম ম্যাচ বৃষ্টিতে ধুয়ে যাওয়ায় দু'দলই হতাশ। কাজেই এ ম্যাচটিকে ঘিরেই আকর্ষণ বেড়েছে। এ মাঠেই সাত বছর আগে অনূর্ধ্ব-১৭ ভারতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল বর্তমান দলের অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের। তিনি বলেন, "আত্মবিশ্বাস নিয়েই গোটা দল মাঠে নামবে। টেস্টের সাফল্য ওয়ানডেতেও ধরে রাখতে চাই আমরা।" অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেছেন তার দল ওয়ানডে সিরিজে নতুন চ্যালেঞ্জ নিয়ে খেলতে নামবে। দলের অন্যতম ওপেনার ডেভিড ওয়ার্নারও অধিনায়কের সঙ্গে গলা মিলিয়ে বলেছেন তারা ইতিবাচক এবং আগ্রাসী ক্রিকেটই খেলবেন বাকি দুই ম্যাচে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/এনআই/১৭৪৬ ঘ.