ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একদিনের এক নম্বর দলের সঙ্গে এবার দুই নম্বর দলের লড়াই। আর সেটা একদিনের ম্যাচেই। রোববার কোচিতে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ভারতের মুখোমুখি হচ্ছে অস্ট্র্রেলিয়া।
ভারতের কাছে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে ২-০ ম্যাচে হোয়াইটওয়াশ হয়েছে। এখন মাইকেল ক্লার্কের অধীনে র্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা অজিরা লড়বে ভারতের সঙ্গে।
র্যাঙ্কিংয়ে নিজেদের দুই নম্বর জায়গাটা ধরে রাখতে হলে মহেন্দ্র সিং ধোনির দলকে তিন ম্যাচের সিরিজ জিততেই হবে। কিন্তু সিরিজ হারলে নেমে যেতে হবে চার নম্বরে।
এমন আকাক্সিক্ষত ম্যাচ ঘিরেও প্রবল অনিশ্চয়তা। খারাপ আবহাওয়া এবং টানা বৃষ্টিতে কোচিতে ম্যাচ মাঠে গড়াবে কিনা, তা নিয়েই বড়সড় প্রশ্ন উঠেছে।
কোচিতে গত দু'দিন ধরে ক্রমাগত বৃষ্টি হচ্ছে। কোচির ক্রিকেট কর্মকর্তারা অবশ্য আশাবাদী বৃষ্টি থামলেই ম্যাচ হবে।
দু'দলেই বেশ কিছু পরিবর্তন ঘটেছে ওয়ানডে সিরিজে। আসন্ন বিশ্বকাপের জন্য দু'দলই তাদের কয়েকজন তারকাকে বিশ্রাম দিয়েছে এই সিরিজে।
তবে চোট এবং বিশ্রাম মিলিয়ে ভারতের না খেলা তারকাদের তালিকাটাই বড়। বিশ্রামে আছেন শচীন টেন্ডুলকার, হরভজন সিং ও জহির খান। আর চোটের কারণে নেই গৌতম গম্ভীর, বীরেন্দ্র শেবাগ এবং ইশান্ত শর্মা
তাই তরুণদের নিয়েই গড়া হয়েছে ধোনি'র দল। অভিজ্ঞদের মধ্যে ফিরেছেন যুবরাজ সিং, আশিষ নেহরা ও প্রবীন কুমার। ওপেনিংয়ে জুটি বাঁধবেন মুরালি বিজয় এবং দলে নতুন ডাক পাওয়া শিখর ধাওয়ান। থাকছেন সুরেশ রায়না। বিরাট কোহলি কিংবা রোহিত শর্মার মধ্যে একজন থাকবেন চূড়ান্ত একাদশে।
পেস বোলিংয়ে নেহরার সঙ্গী থাকছেন মুনাফ প্যাটেল। আর স্পিনে রবিচন্দ্রন অশ্বিন। সঙ্গে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
ওদিকে অজি দলে নেই রিকি পন্টিং, মিচেল জনসন এবং শেন ওয়াটসন। ক্লার্কের ভরসাও তাই তরুণরা। ডেভিড ওয়ার্নার, ক্যামেরন হোয়াইট, শন মার্শ, কালুম ফার্গুসন মিলে তৈরি করবেন ব্যাটিং লাইন-আপ। অলরাউন্ডারের কাজ চালাবেন জেমস হোপস।
বোলিংয়ে গতির ঝড় তুলবেন ডাগ বোলিঞ্জার এবং ক্লিন্ট ম্যাককে। ঘুর্ণিবলে থাকছেন লেগস্পিনার স্টিভ স্মিথ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/এনআই/১৮৩১ ঘ.
bdnews24