২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফের টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে শচীন

শচীন টেন্ডুলকার ২০০২ সালের পর এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান আবারো ফিরে পেলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2010, 10:11 AM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শচীন টেন্ডুলকার ২০০২ সালের পর এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান আবারো ফিরে পেলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজে চোখ ঝলসানো ব্যাটিংয়ের সুবাদে তিনি র‌্যাটিং পয়েন্ট পান ৮২। ফলে তার মোট পয়েন্ট দাঁড়ায় ৮৯১, যা দ্বিতীয় সেরা শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারার চেয়ে ১৭ বেশি। তিন, চার ও পাঁচ নম্বরে রয়েছেন বীরেন্দ্র শেবাগ, শিবনারায়ন চন্দরপল ও মাহেলা জয়াবর্ধনে। এবার নিয়ে মোট দশবার টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন মাস্টার ব্যাটসম্যান শচীন। প্রথমবার তিনি শীর্ষে পৌঁছেন ১৯৯৪ সালে। মোহালি টেস্টের জয়ের নায়ক ভিভিএস লক্ষ্মণ রয়ে গেছেন ৮ম স্থানে। যদিও ব্যাঙ্গালোর টেস্টে তাকে মাঠে দেখা যায়নি, চোটের কারণে। অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং শীর্ষ দশের মধ্যে না থাকলেও তিন ধাপ এগিয়ে ১৬তম স্থানে পৌঁছেছেন। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে তিনবার ৭০-এর ঘরে পৌঁছানোর জন্য এই আগ্রগতি হয় তার। তবে শতক হাঁকাতে পারলে হয়তো আরো কয়েক ধাপ এগোতে পারতেন। বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ তিনটি স্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন, ইংল্যান্ডের গ্রায়েম সোয়ান ও পাকিস্তানের মোহাম্মদ আসিফ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ১২ উইকেট নেয়ায় জহির খান উঠে এসেছেন চতুর্থ স্থানে। তবে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন ভাগ বসিয়েছেন তার সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬০১ ঘ.