২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইজডেনের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার তামিম

শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র শেবাগ, জ্যাক ক্যালিসদের পেছনে ফেলে বাংলাদেশের তামিম ইকবাল ক্রিকেট ম্যাগাজিন 'উইজডেন'র ২০১০ সালের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2010, 02:42 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র শেবাগ, জ্যাক ক্যালিসদের পেছনে ফেলে বাংলাদেশের তামিম ইকবাল ক্রিকেট ম্যাগাজিন 'উইজডেন'র ২০১০ সালের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। ২০০৯ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০১০ এর ৩১ আগস্ট পর্যন্ত ৭ টেস্টে এই বাঁ-হাতি উদ্বোধনী ব্যাটসম্যান ৫৯.৭৮ গড়ে ৮৩৭ রান করেন। ব্যাট হাতে এই দুর্দান্ত 'পারফরম্যান্সের' কারণেই তামিম এই মর্যাদা পান। ২০০৯ সালে উইজডেনের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছিলেন বাংলাদেশেরই আরেক ক্রিকেটার, সাকিব আল হাসান। অর্থাৎ টানা দু'বছর বাংলাদেশের ক্রিকেটাররা উইজডেনের বিচারে সেরা হলেন। ম্যাগাজিনটি তামিমকে তুলনা করেছে ভারতের মারকুটে ব্যাটসম্যান শেবাগের সঙ্গে। বোলার বিধ্বংসী তামিমের মানসিকতাকে তুলনা করা হয়েছে বুলডোজারের সঙ্গে। তবে ইংল্যান্ড সিরিজে তামিমের আগ্রাসী শতকই উইজডেনকে মুগ্ধ করেছে বেশি। উইজডেনের বিচারে বর্ষসেরা দ্বিতীয় টেস্ট ক্রিকেটার হয়েছেন ইংল্যান্ডের অফ-স্পিনার গ্রায়েম সোয়ান। তৃতীয় শেবাগ। এরপর একে একে রয়েছেন অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান সাইমন ক্যাটিচ, দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন ও মর্নে মর্কেল, ভারতের শচীন টেন্ডুলকার ও জহির খান, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস এবং ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/টিআর/২০২১ ঘ.