২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়েই সাকিব সিরিজ শেষ করতে চান

এবার সাকিব আল হাসানের মুখে হাসি ফুটেছে। তার নেতৃত্বে নতুন ইতিহাস গড়ার পর বলেন, এবার দলের খেলায় তিনি খুশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2010, 02:22 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবার সাকিব আল হাসানের মুখে হাসি ফুটেছে। তার নেতৃত্বে নতুন ইতিহাস গড়ার পর বলেন, এবার দলের খেলায় তিনি খুশি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ রানে জেতে বাংলাদেশ। ঠিক অধিনায়কের মতোই সামনে থেকে দল পরিচালনা করেছেন সাকিব। ব্যাট হাতে হাঁকিয়েছেন একদিনের ক্রিকেট-জীবনের পঞ্চম শতক। বল হাতে নিয়েছেন ৩ উইকেট। খেলা শেষে এক সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ''এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতেছিলাম আমরা। সেটা তাদের সেরা দল ছিল না। কিন্তু নিউজিল্যান্ড এসেছিল তৈরি হয়েই।'' ব্যাট হাতে বাংলাদেশ ২৪১ রান করার পরই সাকিব বুঝে গিয়েছিলেন লড়াই হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ''এই উইকেটে ২৪১ অবশ্যই লড়াই করার মতো পুঁজি। আমরা চাইছিলাম, বোলাররা শুরুটা ভালো করুক। তারা তা করেছেও।" অর্ধ-শতক হাঁকানোর পর সাকিব কিন্তু দর্শকদের অভিনন্দনের জবাব দেননি। কিন্তু কেন? সংবাদ সম্মেলনে এরও ব্যাখ্যা দিলেন বাংলাদেশ অধিনায়ক, ''আসলে ইচ্ছে করেই ব্যাপারটা এড়িয়ে গেছি আমি। কোচ জেমি সিডন্স বলেছিলেন, শতক হাঁকানোর পরই ব্যাটটা তোলা ভালো।'' এক ম্যাচ আগেই সিরিজ জেতা হয়ে গেছে। শেষ খেলায় কি জয়ের জন্য মরিয়া হয়ে মাঠে নামবে বাংলাদেশ? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ''অবশ্যই শেষটাও ভালো করতে চাই আমরা। আসলে বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। তার আগে এই মনোবলই রাখতে চাই। জয় দিয়েই শেষ করতে চাই সিরিজ।'' ব্যাটে-বলে সাফল্যই সাকিবকে এনে দিয়েছে ম্যাচসেরার পুরস্কার। এটাই কি তার সেরা ম্যাচ? উত্তরে সাকিব বলেন, ''ঠিক সেরা বলা যাবে না। তবে আমার জীবনের সেরা দুই ম্যাচের একটি।'' সিরিজের প্রথম খেলায় মাশরাফি বিন মতুর্জা চোটের কারণে দলের বাইরে চলে যাওয়ার পর অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সাকিব। জানালেন, "আমি সময়টা বেশ উপভোগ করছি। সবাই আমাকে সহযোগিতা করছে। দলও জয় পাচ্ছে।'' যদিও সাকিব মনে করেন, নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর তিন ম্যাচ জেতার মানে এই নয় যে বাংলাদেশ বড় দলের কাতারে চলে গেছে। তার কথা, ''এখনই এভাবে ভাবা ঠিক হবে না। আমাদের আরো অনেক কিছু প্রমাণ করতে হবে। তবে একথা ঠিক, এখন আর কেউ আমাদের ফুঁ দিয়ে উড়িয়ে দিতে পারবে না। কিভাবে লড়াই করতে হয় তা শিখে গেছি আমরা।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এনআই/২০০০ ঘ.