ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের 'হোম' সিরিজের জন্য ১৫ সদস্যের যে দল ঘোষণা করা হয়েছে তা খোদ দলের কোচ ওয়াকার ইউনুসেরই পছন্দ হয়নি।
ক্রীড়া বিষয়ক জাতীয় পরিষদ কমিটির শুনানিতে একথা বলেছেন ইউনুস। শুনানীতে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচক মহসিন খানও।
কমিটির প্রধান ইকবাল মোহাম্মদ আলী বলেন, শুনানিতে ইউনুস জানিয়েছেন যে, দল ঘোষণার সময় নির্বাচকরা কিংবা বোর্ডের পক্ষ থেকে তার সঙ্গে কোনো যোগাযোগই করা হয়নি। এমনকি, মিসবাহ উল হককে দলে ডাকা এবং টেস্ট অধিনায়ক করার ব্যাপারেও তিনি (ইউনুস) কিছুই জানতেন না।
ওয়াকারের বক্তব্যের জবাবে প্রধান নির্বাচক মহসিন খান বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান ইজাজ বাটের নির্বাচিত দলই তারা ঘোষণা করেছেন।
ওয়াকারের মন্তব্যের প্রতিবাদও করেন মহসিন। তিনি বলেন, দল নির্বাচনের আগে তিনি (মহসিন) সব সময়ই অধিনায়ক ও কোচের সঙ্গে আলোচনা করে নেন। মিসবাহকে অধিনায়ক করার সিদ্ধান্ত বোর্ডের। তিনি এ সিদ্ধান্ত নেননি বলেও জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২১৩৪ ঘ.
bdnews24