২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি

চতুর্থ একদিনের খেলায় শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। আর বৃহস্পতিবার এই ম্যাচ জিতে পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসতে চাইছে নিউজিল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2010, 03:19 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চতুর্থ একদিনের খেলায় শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। আর বৃহস্পতিবার এই ম্যাচ জিতে পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসতে চাইছে নিউজিল্যান্ড। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টায় শুরু হবে খেলা। পাঁচ ম্যাচের একদিনের সিরিজের তিন খেলা শেষে বাংলাদেশ এগিয়ে আছে ২-০ তে। দ্বিতীয় খেলাটি ভেসে যায় বৃষ্টিতে। তারপরও ফুরফুরে মেজাজে নেই সাকিব আল হাসানরা। বড় দলের বিপক্ষে ইতিহাস গড়া টানা দুই জয়েও খুব বেশি উচ্ছ্বসিত নন তারা। উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম বলেন, ''আমাদের আরো উন্নতি করতে হবে। নিজেদের সেরা খেলাটা এখনো আমরা খেলিনি। সেটা খেললেই কেবল সিরিজ জিততে পারবো।'' কোচ জেমি সিডন্স জানালেন, নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে থেকে চতুর্থ ম্যাচ খেলতে নামবে তার দল। ''আমি নিশ্চিত ওরা (নিউজিল্যান্ড) মরণ কামড় দেয়ার জন্যই মাঠে নামবে। প্রস্তুতিও নিয়েছে সেভাবে। তবে কিউইদের চেয়ে আমাদের আত্মবিশ্বাস এখন অনেক বেশি। আশা করছি, ইনিংসে ভালো সূচনা করে ওদের আগের ম্যাচের মতো চাপে ফেলতে পারবো,''বললেন তিনি। পরিসংখ্যান অনুযায়ী, জিম্ব^াবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিনের সিরিজ জিতেছে বাংলাদেশ। তবে শক্তির বিচারে জিম্বাবুয়ে বাংলাদেশের চেয়ে বেশ পিছিয়ে। গত বছর ওয়েস্ট ইন্ডিজের যে দলের বিপক্ষে বাংলাদেশ একদিনের এবং টেস্ট সিরিজ জিতেছিল, সেই দলটিও ছিল আসলে খর্ব শক্তির দল। সে সময় ক্রিস গেইলরা বোর্ডের সঙ্গে আর্থিক বিষয় ও চুক্তি নিয়ে ধর্মঘটে যাওয়ায় সেই সিরিজে বাধ্য হয়েই দ্বিতীয় সারির দল নামিয়েছিল ক্যারিবীয়রা। বাংলাদেশ আগের ম্যাচের দল নিয়েই মাঠে নামছে বৃহস্পতিবার। শফিউল ইসলাম ও রুবেল হোসেনের সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন তিন বাঁহাতি সাকিব আল হাসান, আব্দুর রাজ্জাক এবং তৃতীয় ম্যাচ জয়ের নায়ক সোহরাওয়ার্দী শুভ। এদিকে হাঁটুর চোটের কারণে ব্রেন্ডন ম্যাককালামকে এই খেলাতেও উইকেটের পেছনে নাও দেখা যেতে পারে। শুধু ব্যাটসম্যান হিসেবে খেলবেন তিনি। উইকেটের পেছনে থাকছেন সেই বিজে ওয়াটলিং। তবে দু দেশের হার-জিতের হিসাবটা একেবারে পরিষ্কার। এ পর্যন্ত বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে খেলা হয়েছে ১৯টি। জয়ের পাল্লা কিউইদের দিকে অনেক ভারী। বাংলাদেশের তিনটি জয়ের বিপরীতে কিউইরা জিতেছে ১৬টিতে। আর ১৫৫টি একদিনের ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে ১৪টিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/২১০৩ ঘ.