ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দু'টি একদিনের ম্যাচ জিতলেও খুব একটা উচ্ছ্বসিত নন অধিনায়ক সাকিব আল হাসান।
খেলা শেষে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক বলেন, ''প্রতিটি জয়ই আনন্দের। তবে ব্যাটিং ও ফিল্ডিংয়ে আমাদের আরো উন্নতি করতে হবে।''
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কিউইদের বিপক্ষে ৭ উইকেটের জয়ের পর বোলারদের বোলিংয়ে খুব খুশি সাকিব। বলেন, ''আমাদের জয়ের ভিত আসলে বোলাররাই গড়ে দিয়েছে। প্রথম ওভারেই ব্রেন্ডন ম্যাককালাম সাজঘরে ফিরে যাওয়ার পরই বুঝতে পারলাম আমরা জিততে চলেছি।''
টস জেতাও বেশ কাজে দিয়েছে। এ প্রসঙ্গে সাকিব বলেন, ''সকালে উইকেট থেকে বেশ সহায়তা পেয়েছি আমরা। পিচে আদ্রতা ছিল। আসলে পুরো পরিবেশটাই আমাদের পক্ষে ছিল।"
"এছাড়া গরম কিউইদের বেশ ভুগিয়েছে। কিন্তু আমাদের জন্য ছিল সহনীয়। এছাড়া যে উইকেটে খেলা হয়েছে, সেখানে এক মাস অনুশীলন করেছি আমরা,'' বললেন সাকিব।
তবে সাকিব মনে করেন, আরো বড় ব্যবধানে জেতা যেতো। তার কথা, ''এক সময় তো মনে হয়েছিল ১০ উইকেটেই জিতবো। শাহরিয়ার নাফীস একটু দেখেশুনে খেললে শতক হাঁকাতে পারতো।" উন্নতির শেষ নেই বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক।
তবে ম্যাচ জেতানো বোলার সোহরাওয়ার্দী শুভর কথা উঠতেই অধিনায়কের মুখে শুধুই প্রশংসা, ''শুভ আসলে প্রত্যাশার চেয়ে ভালো করেছে। সত্যি বলতে কি, আমরা ভাবিনি সে এতোটা ভালো বল করতে পারবে। এটা দলের জন্য অবশ্যই ইতিবাচক একটা দিক।''
টানা দুই ম্যাচ জেতার পর ড্যানিয়েল ভেট্টোরিদের বিপক্ষে এখন সিরিজ জেতার হাতছানি বাংলাদেশের। সাকিবরা কি এখন প্রত্যাশার চাপের মধ্যে আছেন? এই প্রশ্নের জবাবে সাকিব বলেন, ''না, কোনোভাবেই আমরা চাপে নেই। সত্যি বলতে কি চাপের কথা ভাবলেই তা প্রভাব ফেলে। আমাদের দলে এখন ম্যাচ জেতানো ক্রিকেটারের অভাব নেই। সেটাই ধরে রাখতে চাই।
সাকিব মনে করেন, ৪-০ ম্যাচে সিরিজ জেতার সামর্থ্য আছে তার দলের। কেননা, নিউজিল্যান্ডের বেশ কয়েকজন ক্রিকেটারই অনভিজ্ঞ। এই অলরাউন্ডার বলছিলেন, ''সিরিজ জিততে হলে শুধু এই খেলাটা ধরে রাখলেই হবে না, এর চেয়েও ভালো খেলতে হবে।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এনআই/১৯২৬ ঘ.
bdnews24