২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাস গড়ল বাংলাদেশ

বাংলাদেশের কাছে সহজেই আত্মসমর্পণ করল নিউজিল্যান্ড। হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। তখনো হাতে ছিল ৬০ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2010, 12:33 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের কাছে সহজেই আত্মসমর্পণ করল নিউজিল্যান্ড। হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। তখনো হাতে ছিল ৬০ বল। প্রথমে ব্যাট করে রস টেলরের হার না মানা অর্ধ-শতকের সুবাদে নিউজিল্যান্ড করে ১৭৩। পুরো ৫০ ওভারও খেলতে পারেনি। খেলেছে মাত্র ৪২ ওভার ৫ বল। এটাই বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সবচেয়ে কম রান। দু'বছর আগে এই মাঠেই তাদের সর্বনিু রান ছিল ২০১। টেস্ট খেলুড়ে দেশগুলোর বিপক্ষে এটি বাংলাদেশের পরপর দ্বিতীয় জয়। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরপর দুই খেলায় জিতেছিল বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে দুই উদ্বোধনী ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস ও ইমরুল কায়েস ঝড়ো সূচনা করেন। ৩৫ রান তোলেন মাত্র ৫ ওভারে। এরপরই শুরু হয় মধ্যাহ্ন ভোজের বিরতি। বিরতি শেষে মাঠে নেমেই নিউজিল্যান্ডের বোলারদের ওপর আবারো চড়াও হন তারা। তবে পাওয়ার প্লে'তে খুব একটা সুবিধা করতে না পারলে পরে ফের খেলতে থাকেন নিজেদের মতো করে। শাহরিয়ার নাফীস ও ইমরুল কায়েসের ১২৭ রানের জুটি দলকে জয়ের ভিত গড়ে দেয়। এটাই নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের যে কোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগের রেকর্ডটি ছিল সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও জুনায়েদ সিদ্দিকীর। ২০০৮ সালের ৯ অক্টোবর ১০৯ রান করেছিলেন তারা। নাফীস ও ইমরুল ৫ ওভারে বিনা উইকেটে ৩৫ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায়। বিরতি থেকে ফিরে আগের ছন্দেই খেলতে থাকেন দু'জন। পাওয়ার প্লে'তে তেমন একটা সুবিধা করতে না পারলেও পরে আবার ছন্দে ফেরেন তারা। নাথান ম্যাককালামের বলে উইকেটের পেছনে ব্রেন্ডন ম্যাককালামের হাতে ধরা পড়ার আগে নাফীস করেন ৭৩ বলে ৭৩। তিনি তার ইনিংসটি সাজান ১৩টি চার দিয়ে। অর্ধ-শতকে পৌঁছান ৪৯ বলে, ১০টি চারের সাহায্যে। দলের সঙ্গে আর ৭ রান যোগ করার পর আবারো আঘাত হানেন ম্যাককালাম। গ্রান্ট ইলিয়টের হাতে ধরা পড়ার আগে ইমরুল কায়েস তার অর্ধ-শতক আদায় করে নেন। ঠিক ৫০ রান করেন ৮৩ বলে, ৪টি চারের সাহায্যে। এটি ছিল তার ষষ্ঠ শতক। তখন দলের রান ছিল ১৩৪। এরপর রকিবুল হাসান (১৮) ও অধিনায়ক সাকিব আল হাসান (১৩) নিরাপদেই দলকে পৌঁছে দেন জয়ের কাক্সিক্ষত ঠিকানায়। অপরাজিত থাকেন দু'জনই। এর আগে ১৫৯ রানের মাথায় জুনায়েদ সিদ্দিকী সাজঘরে ফিরে যান ১৪ রান করে। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে দুই উইকেট নেন নাথান ম্যাককালাম, ৩১ রানে। সকালে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় স্বাগতিক বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসানের সিদ্ধান্তকে যেন যৌক্তিক প্রমাণ করেন বোলাররা। উইকেটের আদ্রতাকে পুরোপুরি কাজে লাগান তারা। সাইফুল ইসলামের চতুর্থ বলেই উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে ধরা পড়ে সাজঘরের পথ ধরেন ব্রেন্ডন ম্যাককালাম (শূন্য রান)। মূলত এই আউটটিই বিপদে ফেলে নিউজিল্যান্ডকে। কিছুদিন ধরে ম্যাককালামের ঝড়ো সূচনার কারণে বড় ইনিংসের মুখ দেখে আসছিল নিউজিল্যান্ড। এরপর ৫৫ থেকে ৭৯ রান তুলতেই নিউজিল্যান্ড হারিয়ে বসে আরো চার উইকেট। নিউজিল্যান্ডের প্রথম সারির ব্যাটসম্যানদের মধ্যে মড়ক ধরান নাঈম ইসলামের জায়গায় খেলতে নামা বাঁ-হাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভ। তাকে যথার্থ সঙ্গ দেন আব্দুর রাজ্জাক এবং সাকিব আল হাসান। মিরপুরের ধীর গতির উইকেটে দেখেশুনেই খেলছিলেন জেসি রাইডার। কিন্তু ব্যক্তিগত ৩৩ রানে সোহরাওয়ার্দী শুভর বলে ছক্কা মারতে গিয়ে সীমানার কয়েক গজ ভেতরে ইমরুল কায়েসের হাতে ক্যাচ তুলে দেন তিনি। এরপর রস টেলর এক প্রান্ত ধরে খেলে যেতে থাকলেও অপর প্রান্তে উইকেট পড়তে থাকে নিয়মিত বিরতিতে। ৬২ রানের মাথায় এলিয়ট (২), ৭৯ রানে অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি (৯), ৯৮ রানে শানান স্টুয়ার্ট (১৪), ১০১ রানে নাথান ম্যাককালাম (২) আউট হলে সাত উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর ৭২ রানের জুটি গড়েন টেলর এবং কাইল মিলস। সাকিব মিলসকে (২৬) আউট করার পরেই ধসে যায় সফরকারীরা। এক ওভারে পরপর দুই বলে মাহমুদউল্লাহ ফিরিয়ে দেন সাউদি এবং ম্যাককেকে। দু'জনই হিসেবের খাতা খুলতে পারেননি। বাংলাদেশের বোলারদের মধ্যে সোহরাওয়ার্দী শুভ ৩ উইকেট নেন ১৪ রানে। দশ ওভার বল করে দু'টি মেইডিনও পান তিনি। এছাড়া দু'টি করে উইকেট নেন সাকিব ও মাহমুদুল্লাহ রিয়াদ। এজন্য সাকিবের খরচ হয় ৪৫ রান। মাহমুদুল্লাহ রিয়াদ দেন ৬ রান। মাশরাফি বিন মর্তুজা ও নাজমুল হোসেন প্রথম খেলায় চোট পাওয়ায় এ ম্যাচে খেলেন রুবেল হোসেন ও শফিউল ইসলাম। নাঈম ইসলামের জায়গায় মাঠে নামেন সোহরাওয়ার্দী শুভ। এর আগে বৈরী আবহাওয়ার কারণে দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়। পাঁচটি একদিনের সিরিজে বাংলাদেশ ২-০ তে এগিয়ে গেল। এ পর্যন্ত বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে খেলা হয়েছে ১৯টি। জয়ের পাল্লা কিউইদের দিকে অনেক ভারী। বাংলাদেশের তিনটি জয়ের বিপরীতে কিউইদের জয় ১৬টিতে। সিরিজের চতুর্থ ম্যাচটি হবে বৃহস্পতিবার, ১৪ অক্টোবর। বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনএল/টিআর/এমএইচ/এনআই/১৮০৯ ঘ.